এক সপ্তাহ পর খুলছে উচ্চ আদালত
এক সপ্তাহের অবকাশ শেষে রোববার সুপ্রিম কোর্ট খুলছে। প্রথম দিনই আদালতের কার্যতালিকায় বিচার বিভাগ আলাদা করা, চাঁদাবাজির মামলা খারিজ করতে তারেক রহমানের আবেদন, জালিয়াতির দায়ে অভিযুক্ত বিচারপতি ফয়জীর আবেদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা শুনানির জন্য অন্তর্ভুক্ত রয়েছে।
রোববারই বিচার বিভাগ আলাদা করার বিষয়টি আপিল বিভাগে আসবে। দেশের নিম্ন আদালত, বিচারক, মামলার সংখ্যা ও অবকাঠামোগত তথ্য এদিন আপিল বিভাগকে সরকারের জানানোর কথা। গত ১৮ মার্চ আপিল বিভাগ রোববার (১৫ এপ্রিল) এর মধ্যে এসব তথ্য জানাতে সরকারকে নির্দেশ দিয়েছির। জরুরি ক্ষমতা আইনে জামিনের আবেদন বিবেচনা করতে পারবে কিনা এ বিষয়ে রোববার হাইকোর্ট আদেশ দেবে।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা এক কোটি টাকা চাঁদাবাজির মামলা খারিজের আবেদনের ওপরও এদিন শুনানি অনুষ্ঠিত হবে।
এছাড়া বহুল আলোচিত বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জীর সনদ বাতিলের বিরুদ্ধে দায়ের করা রিট রোববার চূড়ান্ত শুনানির জন্য আবেদন জানানো হবে হাইকোর্টে। তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তৈরি করা চিঠি বিচারপতি ফয়জী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের রোববার দেওয়া হতে পারে।
মূল্যায়ন পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নির্বাচন কমিশনের আদেশের বিরুদ্ধে বিএনপি আমলে নিয়োগ পাওয়া ৩শ ২০ উপজেলা নির্বাচন কর্মকর্তার রিটের ওপর রোববার আদেশ প্রদান করবে হাইকোর্ট। ভারত ও বাংলাদেশের মধ্যে কলকাতা-ঢাকা-আগরতলা ট্রেন সার্ভিস চালূর বৈধতা নিয়ে ‘রিট মাস্টার’ এডভোকেট আবু বকর সিদ্দিকী এদিন হাইকোর্টে মামলা দায়ের করতে পারেন। এছাড়া চাঞ্চল্যকর জিবরান হত্যা মামলার হাইকোর্টের রায় স্থগিতের জন্য শুনানি হতে পারে আপিল বিভাগে।
