২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার দিনের রিমান্ডে মওদুদ আহমদ

শুল্ক ফাঁকি দিয়ে মাদকদ্রব্য আমদানি করে নিজ দখলে রাখার অভিযোগে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদকে চার দিনের পুলিশ রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2007, 04:30 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

শনিবার বেলা সোয়া তিনটায় বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারার মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম এম এ সালাম এই আদেশ দেন।

শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে বিতর্কিত এই রাজনীতিবিদকে আটক করা হয়। এ সময় তার বাড়ি থেকে বিদেশি মদ ও ‘ত্রাণের শাড়ি’সহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। একইদিন বিকালে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে গুলশান থানায় মামলা দায়ের করেন গুলশান থানার উপ পরিদর্শক খবির আহমেদ।

শনিবার বেলা দুইটা ৫০ মিনিটে মওদুদ আহমদকে আদালতে হাজির করে গুলশান থানা পুলিশ। এসময় তার পরনে ছিল ছাই রংয়ের পুরো হাতা স্যুট।

মওদুদকে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার ওসি ওবায়দুল হক।

রিমান্ড আবেদনে বলা হয়, “শুক্রবার সকালে মওদুদ আহমদের গুলশানের বাসভনের নিচতলার শয়নকক্ষের কাঠের আলমারি এবং দোতলায় রান্নাঘরের কাঠের কেবিনেটের ভিতর থেকে ১৬ বোতল বিদেশি মদ এবং ৩২ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। এগুলো আমদানি বা গ্রহণের কোনও লাইসেন্স বা পারমিট দেখাতে পারেননি তিনি। মামলায় অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এছাড়া ওই বাসভবন থেকেই ত্রাণের শাড়ি উদ্ধার করা হয়েছে।

আবেদনে বলা হয়, মওদুদ আহমদ ত্রাণ সামগ্রী বিতরণ না করে ক্ষতার অপব্যবহারের মাধ্যমে এগুলো নিজের কাছে রেখে দিয়েছিলেন। এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এই বিষয়ে সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং বিদেশি মদ কার কাছ থেকে ও কোথা থেকে পেয়েছে তার উৎস জানতে তাকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

মওদুদ আহমদের পক্ষে শুনানিতে আজিজুল হক, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন রিমান্ড আবেদন বাতিলের আবেদন জানিয়ে বলেন, মওদুদ আহমদ পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বিভিন্ন সময়ে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। তিনি জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য। তার রাজনৈতিক ভাবমুর্তি ক্ষুন্ন করার জন্য মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

আইনজীবীরা বলেন, মওদুদ আহমদ ধার্মিক ও নীতিবান ব্যক্তি এবং ৭০ বছরের বৃদ্ধ। তার পায়ে ও কোমরে সার্বক্ষণিক ব্যথা রয়েছে। এছাড়া তিনি বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তি। সুতরাং তার রিমান্ড বাতিল করা হোক।

মওদুদ আহমদের বিরুদ্ধে আনা অভিযোগ বিশেষ ক্ষমতা আইনের আওতায় পড়ে না বলে তার আইনজীবীরা দাবি করেন।

রিমান্ড আবেদন বাতিলের বিরোধীতা করে গুলশান থানার আদালত পুলিশ (জিআরও) শাহজাহান গাজী বলেন, মামলার ধারায় কোনও সমস্যা হলে সেটি সংশোধনের সুযোগ রয়েছে।

আদালতে মওদুদ আহমদ বলেন, “মামলার আলামত সম্পর্কে আমার কোনও জ্ঞান নেই, ধারণা নেই। আমি কিছুই জানিনা। আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে। আমি সম্পূর্ণ নির্দোষ।”

ছয় মে এ মামলার পরবর্তী শুনানি হবে ।

এর পর কঠোর নিরাপত্তার মধ্যে ব্যারিস্টার মওদুদ আহমদকে প্রিজন ভ্যানে করে গুলশান থানা নিয়ে যাওয়া হয়।

ব্যারিস্টার মওদুদ আহমদ আওয়ামী লীগ, জাসদ, জেনারেল জিয়াউর রহমানের বিএনপি, জেনারেল এইচ এম এরশাদের জাতীয় পার্টি ও খালেদা জিয়ার বিএনপি-পাঁচ দফা দল পরিবর্তন করেন। ১৯৮২ সালে জিয়াউর রহমান নিহত হওয়ার পর তিনি সামরিক শাসক এইচ এম এরশাদের মন্ত্রিসভায় ছিলেন। সেখানে প্রথমে উপদেষ্টা, উপ-প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি ও এক ঘন্টার জন্য অস্থায়ী রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত ছিলেন। ১৯৬৮-৭০ সালে মওদুদ আহমদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন উপদেষ্টা ছিলেন।

জরুরি অবস্থা ঘোষণার পর ফখরুদ্দীন আহমদের তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তার ব্যাংক একাউন্ট জব্দ করা হয়।