২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাসক্ষেত্রের ৩ নম্বর কূপ বন্ধ

সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের আনন্দপুর ও শ্যামপুর গ্রামে অব্যাহত গ্যাস উদগিরন রোধে শুক্রবার রাত থেকে তিতাস গ্যাসক্ষেত্রের এক নম্বর লোকেশনের ৩ নম্বর কূপটি বন্ধ করে দেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2007, 08:30 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

সংশ্লিষ্ট সূত্র মতে, এর ফলে জাতীয় গ্রিডে কমপক্ষে ১৬ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হ্রাস পাবে। তবে এতে গ্যাসের কোন সংকট হবে না।

শুক্রবার বিকেলে পেট্রো বাংলার পরিচালক (অপারেশন) মাহাবুবুর রহমানের উপস্থিতিতে ৩ নম্বর কূপটির উৎপাদন বন্ধ করে দিয়ে প্রয়োজনীয় সংস্কার কাজ শুরু করেছে বাপেক্স।

বাপেক্স এর ব্যবস্থাপনা পরিচালক মো. জামাল উদ্দিন বলেন, “আমরা এক ধরনের তরল জাতীয় কেমিক্যাল তৈরি করেছি। পাইপের সাহায্যে তা গ্যাসের উৎস স্থলে পাঠাবো। এতে গ্যাস উদগিরণ বন্ধ হবে বলে আশা করছি।”

তিনি বলেন, ৩ নম্বর কূপে যদি সমস্যা না পাওয়া যায় সেক্ষেত্রে ১০ নম্বর কূপে লগিং করতে হবে।

পেট্রো বাংলার পরিচালক (অপারেশন) বলেন, এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না যে, ৩ নম্বর কূপেই সমস্যা। তবে প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষায় এটাই সত্য বলে মনে হচ্ছে।

তিনি আরও বলেন, কূপটি এখন বিপজ্জনক অবস্থায় আছে। তাই কূপটির উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর যে দুটি গ্রামে গ্যাস ছড়িয়ে পড়েছে সেই গ্রামগুলো নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।

পরিচালক বলেন, যদি ৩ নম্বর কূপের জন্যেই গ্যাস উদগিরণ হয়ে থাকে তবে শিগগিরই সেই সমস্যার সমাধান হয়ে যাবে।

জানা গেছে, এই কূপগুলো ৩৮/৪০ বছর আগে খনন করা হয়েছিল। দেশের অব্যাহত গ্যাস চাহিদার কারণে কূপগুলোকে কখনোই বিশ্রাম দেওয়া যায়নি। তাই সমস্যা হচ্ছে।

বংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আবেদীন বলেন, “আমরা বেশ কিছু গবেষণা এবং জরিপ করে মোটামুটিভাবে নিশ্চিত হয়েছি যে, ৩ নম্বর অথবা ১০ নম্বর কূপের সমস্যার কারণেই গ্যাস উদগিরণ হচ্ছে।”

তিনি জানান, এরই মধ্যে ১০ নম্বর কূপের লগিং করার জন্য দরপত্র আহবান করা হয়েছে। প্রক্রিয়া সম্পন্ন করতে আরও কিছুদিন সময় লাগবে। তাই ৩ নম্বর কূপটির কাজ আগে শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমে ৩ নম্বর কূপের উৎপাদন বন্ধ করে দেওয়া হচ্ছে এবং এরপর অন্তত ২/৩ মাস পর্যবেক্ষণে রাখা হবে।

তিনি বলেন, শ্যাবরন উৎপাদনে আছে এবং বাখরাবাদের কমপ্রেসার চালু হয়ে গেছে। তাই ৩ নম্বর কূপ বন্ধের ফলে যে ১৬/১৭ মিলিয়ন ঘনফুট গ্যাস কম উৎপাদন হবে তাতে গ্যাসের সংকট হবে না।

এদিকে আনন্দপুর ও শ্যামপুর গ্রামের পাশের লইস্কা বিলের প্রায় ১ হাজার একর জমির কয়েক হাজার ফাটল দিয়ে এখনও বুদ বুদ করে গ্যাস বের হচ্ছে। এর অনেকগুলোতেই আগুন জ্বলছে। তিতাস নদীর ফাটল থেকেও গ্যাস বের হচ্ছে অনবরত।

নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, তিতাস গ্যাস ক্ষেত্রের ৩ নম্বর লোকেশনের খুবই কাছাকাছি হচ্ছে আনন্দপুর ও শ্যামপুর গ্রাম। এর আশেপাশে রয়েছে ৩, ৬, ৮, ৯ ও ১০ নম্বর কূপ। ১৯৮৮ সালে খনন করা ১০ নম্বর কূপের সিমেন্টিং সঠিক ছিল না বলে বিশেষজ্ঞরা শুরুতেই মন্তব্য করেছিলেন।

সঠিকভাবে সিমেন্টিং না করে উৎপাদনে গেলে পরিণতি ভয়াবহ হবে বলে তখনই সতর্ক করে দেওয়া হয়েছিল। কিন্তু এ হুঁশিয়ারি না মেনে তখন তড়িঘড়ি করে উৎপাদন শুরু করে দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, অসম্পূর্ণ মেরামতের কারণেই কূপ থেকে দেয়াল ভেদ করে বেরিয়ে আসা গ্যাস বিভিন্ন পথে ভঙ্গুর মাটির স্তর ভেদ করে ওপর দিকে নির্গত হচ্ছে। ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়।