সময় এসেছে দুর্নীতি প্রতিরোধের: হাসান মশহুদ
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল (অব.) হাসান মশহুদ চৌধুরী বলেছেন, “সময় এসেছে দুর্নীতি প্রতিরোধ করার। তাই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দুর্নীতি প্রতিরোধ করা দমনের চেয়ে বেশি কার্যকর। তাই জনগণকে দুর্নীতি প্রতিরোধে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে। এতে কেউ বাধা দিলে দুদক আপনার পাশে থাকবে।”
বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাকক্ষে দুর্নীতি প্রতিরোধ অভিযান সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এ আর মোল্লা, সচেতন নাগরিক কমিটির আহবায়ক অ্যাডভোকেট এনামুল হক চৌধুরী চাঁদ, নাগেশ্বরী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলহাজ সাইদুল ইসলাম, প্রভাষক বিথীকা দেবনাথ, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মঞ্জু, কলেজ ছাত্র হামিদুজ্জামান মামুন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আমিনুল ইসলাম।
দুদক চেয়ারম্যান বলেন, “দুর্নীতিবাজ জাতি হিসেবে আমাদের যে দুর্নাম হয়েছে তা ঘুচানোর সুবর্ণ সময় এখনই।”
তিনি বলেন, এখন রাজনৈতিক চাপ, ক্যাডার বাহিনী ও পুলিশে দলীয়করণ নেই। কিন্তু তারপরও দুর্নীতি চলছে। কাজেই এখনই দুর্নীতি প্রতিরোধের সুযোগ নিতে হবে। তিনি এলাকাভিত্তিক দুর্নীতি বিরোধী প্রতিরোধ আন্দোলন সৃষ্টির দৃষ্টান্ত স্থাপনের জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান।
পরে দুদক চেয়ারম্যান জেলা দুর্নীতি দমন কমিশনের অফিস পরিদর্শন করেন।
