দুর্নীতির মামলায় মামুনের বিচার শুরু ১৫ এপ্রিল
বিতর্কিত ব্যবসায়ী ও তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার বিচারকাজ ১৫ এপ্রিল শুরু হবে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১১টায় মামুনের উপস্থিতিতে ঢাকার সিনিয়র স্পেশাল ও মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. মমিনউল্লাহ এ নির্দেশ দেন। ওইদিন অভিযোগ গঠনের শুনানির মধ্য দিয়ে বিচারকাজ শুরু হবে।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর বিরুদ্ধে কমিশনের দায়ের করা অন্য একটি মামলার পলাতক আসামী হিসেবে তার সম্পত্তি ক্রোক বিষয়ে শুনানির তারিখ ১৬ এপ্রিল নির্ধারণ করেছে আদালত।
৭২ ঘন্টার মধ্যে কমিশনে সম্পদের হিসাব জমা না দেওয়ায় হারিছ ও মামুনের বিরুদ্ধে ৫ এপ্রিল ঢাকার সিনিয়র স্পেশাল ও মহানগর দায়রা জজ আদালতে মামলা দায়ের করেন কমিশনের উপ পরিচালক আবু সাঈদ ও সহকারি পরিচালক আখতার হামিদ ভূঁইয়া।
আদালত ওইদিনই হারিছ ও মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
