২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৌরসভায় বদলি শুরু, স্থানীয় সরকার বিভাগের অন্য কর্মকর্তাদের তালিকাও হচ্ছে

স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোয় দুর্নীতি রোধে দীর্ঘদিন একই জায়গায় থাকা কর্মকর্তাদের বদলি করা শুরু করেছে সরকার। বিভিন্ন পৌরসভার ২২ জন নির্বাহী প্রকৌশলীকে ইতোমধ্যেই বদলি করা হয়েছে। সহকারি প্রকৌশলীদের বদলি প্রক্রিয়াও শুরু হচ্ছে শিগগির। এছাড়া অন্যান্য প্রতিষ্ঠানের এ ধরনের কর্মকর্তাদের নামের তালিকাও হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2007, 12:00 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

অবশ্য প্রচলিত আইনে বদলির বিধান না থাকায় সিটি কর্পোরেশনের ক্ষেত্রে এ ধরনের পদক্ষেপ এখন নেওয়া যাচ্ছে না। যদিও আইন সংশোধনের কথা ভাবছে সরকার ।

স্থানীয় সরকার বিভাগের একটি সূত্র জানায়, গত দু সপ্তাহে বিভিন্ন পৌরসভার ২২ জন নির্বাহী প্রকৌশলীকে এক পৌরসভা থেকে অন্য পৌরসভায় বদলি করা হয়। এরা সবাই তিন থেকে ১২ বছরের বেশি সময় একই জায়গায় কর্মরত ছিলেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা মো. আনোয়ারুল ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিন বছরের বেশি সময় একই পৌরসভায় কর্মরত ছিলেন, এমন সব নির্বাহী প্রকৌশলীকে বদলি করা হয়েছে। শিগগিরই এ ধরনের সহকারি প্রকৌশলীদেরও বদলি করা হবে।”

তিনি আরও বলেন, “স্থানীয় সরকারের অন্যান্য প্রতিষ্ঠানেও তিন বছরের বেশি সময় ধরে কাজ করছেন এমন সব কর্মকর্তাকে পর্যায়ক্রমে বদলি করা হবে। কিন্তু সিটি কর্পোরেশনের ক্ষেত্রে আইনগত জটিলতা থাকায় তা এ মুহূর্তে করা যাচ্ছে না। তাই আইন সংশোধনের চিন্তা-ভাবনা হচ্ছে।”

সরকার মনে করছে, দীর্ঘদিন একই স্থানে থাকার কারণে স্থানীয় রাজনীতিবিদ ও প্রভাবশালীদের সঙ্গে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সখ্য গড়ে উঠে।

সূত্র জানায়, ওই সম্পর্কের জের ধরে দলবাজি, দুর্নীতি ও টেন্ডারবাজির সঙ্গে জড়িয়ে পড়েন সরকারি কর্মকর্তারা।

এ ভাবে অনেকে অবৈধ পন্থায় বিপুল পরিমাণ ধন সম্পত্তির মালিক হয়েছেন বলেও অভিযোগ এসেছে। এরই মধ্যে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। তার বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্র্নীতির অভিযোগ রয়েছে। দুর্নীতির ব্যাপারে সংশ্লি¬ষ্টদের কাছে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।

সূত্র আরও জানায়, বিভিন্ন জেলা পরিষদ, উপজেলা ও ইউনিয়ন পরিষদে বিভিন্ন পর্যায়ের সহস্রাধিক কর্মকর্তা রয়েছেন যারা বছরের পর বছর একই প্রতিষ্ঠানে কাজ করছেন। তাদের নামের তালিকা তৈরির কাজও শুরু হয়েছে।

এসব কর্মকর্তাদের বদলির পাশাপাশি যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে তাদের বিষয়টি দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে দেওয়া হবে বলে সূত্র নিশ্চিত করেছে।