২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে জন্ম নিবন্ধনের হার মাত্র ৭ থেকে ১০ ভাগ

১৩৪ বছর আগে বিট্রিশ আমলেই জন্ম নিবন্ধীকরণের জন্য আইন প্রনয়ণ করা হয়েছিল। এরপরও বর্তমানে দেশে জন্ম নিবন্ধীকরণের হার মাত্র ৭ থেকে ১০ ভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2007, 08:40 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

বুধবার জন্ম নিবন্ধীকরণ বিষয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও ইউনিসেফ আয়োজিত এক মত বিনিময় সভায় এ তথ্য জানানো হয়।

সভায় বলা হয়, জনসাধারণের সচেতনতার অভাব, বিভিন্ন সরকারি সংস্থার অসহযোগিতা ও ‘ঘুষ সংস্কৃতির’ কারণে জন্ম নিবন্ধনের হার আশানুরূপ হচ্ছে না। ২০০৮ সালের মধ্যে সর্বজনিন জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও ২০০৬ সালে মাত্র ৬০ লাখ শিশুর জন্মনিবন্ধন করা হয়েছে।

সভায় আলোচকরা জানান, ১৮৭৩ সালে প্রথম জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন প্রনয়ণ করা হয়। এরপর ২০০৬ সালের ৩ জুলাই আইনটি সংশোধন করে তা কার্যকর করা হয়। সংশোধিত আইন অনুসারে শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে এবং মৃত্যুর ৩০ দিনের মধ্যে নাম নিবন্ধন করতে হবে। ইউনিয়ন পরিষদের সদস্য ও সচিব, সিটি করপোরেশন বা পৌরসভার কমিশনার, সংশ্লিষ্ট এলাকার স্বাস্থ্য কর্মী, পরিবার কল্যাণ কর্মী, স্বাস্থ্যখাতে নিয়োজিত বেসরকারি এনজিও, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও সরকারি কর্মকর্তাদের কাছে নাম নিবন্ধনের পর সনদ সংগ্রহ করতে হবে।

আইন অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, বিবাহ নিবন্ধন, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্সসহ ১৩টি ক্ষেত্রে এই জন্মনিবন্ধন সনদের প্রয়োজন হওয়ার কথা।

আলোচকরা বলেন, জন্ম নিবন্ধন না করার কারণে বাল্যবিবাহ রোধ করা যাচ্ছে না। মেয়েদের ১৮ বছর এবং ছেলেদের ২১ বছর বয়স হওয়ার আগেই বিয়ে হয়ে যাচ্ছে। বিয়ে রেজিস্ট্রেশনের সময় বয়স বাড়িয়ে দেখানো হচ্ছে। এক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ বাল্যবিবাহ রোধে কার্যকর হতে পারে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইউনিসেফের প্রকল্প কর্মকর্তা মো. আজিজুর রহমান ও যোগাযোগ কর্মকর্তা আরিফা এস শারমীন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন রিপোটার্স ইউনিটির সভাপতি আলমগীর হোসেন।