২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক দলগুলোর পছন্দমতো ব্যালট বাক্সেই নির্বাচন হবে: সিইসি

রাজনৈতিক দলগুলোর সঙ্গে শিগগিরই বৈঠকে বসবে নির্বাচন কমিশন। তাদের সঙ্গে নির্বাচনী সংস্কার প্রস্তাব ছাড়াও ব্যালট বাক্স নিয়ে আলোচনা করা হবে। রাজনৈতিক দলগুলো যে ধরনের ব্যালট বাক্স চায় তেমন বাক্স দিয়েই নির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা বুধবার গাজীপুরে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিতে (বিএমটিএফ) চার ধরনের ব্যালট বাক্সের নমুনা দেখার সময় সাংবাদিকদের একথা বলেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2007, 07:15 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন ও মুহাম্মদ ছহুল হোসাইন এবং বিএমটিএফ এর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার মোমিনুল হকসহ পদস্থ কর্মকর্তারা এসময় সেখানে উপস্থিত ছিলেন।

দুপুরে সিইসি অপর দুই কমিশনারকে নিয়ে বিএমটিএফ এ পৌঁছালে ব্যবস্থাপনা পরিচালক তাদের স্বাগত জানান। বিএমটিএফ এর সম্মেলন কক্ষে লেফটেন্যান্ট কর্নেল শমসুল আজম প্রজেক্টরের মাধ্যমে চার ধরনের ব্যালট বাক্স সম্পর্কে তাদের অবহিত করেন।

এসব নমুনার দুটিতে স্টিলের তৈরি কাঠামোর চারপাশ ও উপরে-নিচে স্বচ্ছ প্লাস্টিক বসানো থাকবে। তৃতীয় নমুনাটির ক্ষেত্রে কেবল চারপাশেই স্বচ্ছ প্লাস্টিক থাকবে। প্রতিটি বাক্সের ওজন হবে তিন কেজি। প্রচলিত স্টিলের ব্যালট বাক্সের মতোই আকৃতি হবে এসব বাক্সের। ব্যবহৃত প্লাস্টিকের ধরন অনুযায়ী বাক্সের খরচ পড়বে এক হাজার ৮শ’ থেকে চার হাজার টাকা।

এর আগে বিএমটিএফ নির্বাচন কমিশনকে স্টিলের তৈরি যে বাক্স সরবরাহ করতো তার প্রতিটির দাম পড়তো ৯৮৫ টাকা।

পরে কমিশনাররা কারখানায় গিয়ে স্টিলের ও স্বচ্ছ ব্যালট বাক্সের নমুনা দেখেন। এসময় শামসুল হুদা বলেন, “নির্বাচনী ব্যবস্থার সংস্কার করা হলে এরপর আর এতকিছু (স্বচ্ছ ব্যালট বাক্স) লাগে না। দলগুলো রাজি থাকলে নির্বাচনে আগের মতো স্টিলের বাক্সই ব্যাবহার করা যেতে পারে।”

তবে এর পরপরই তিনি বলেন, “আমাদের কোনো অসুবিধা নেই, রাজনৈতিক দলগুলো যে রকম চায় তেমন বাক্সই দেওয়া হবে।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামসুল হুদা বলেন, “আমরা বিএমটিএফকে অনুরোধ করেছিলাম কয়েকটি নমুনা তৈরির জন্য। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের সময় এগুলো উপস্থাপন করা হবে। সরকারের নিজস্ব অর্থায়নেই ব্যালট বাক্স তৈরি করা হবে।”

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “স্বচ্ছ ব্যালট বাক্স নির্বাচনের সময়সীমা নির্ধারণে কোনো ভূমিকা রাখবে না। এ ব্যাপারে ১৮ মাসের বেশি সময় আমরা নেব না।”

বিএমটিএফ এর মহাব্যবস্থাপক (উৎপাদন) লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার হোসেন জানান, ১২ থেকে ১৫ মাসের মধ্যে তারা দুই লাখ ব্যালট বাক্স তৈরি করতে পারবেন।