২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে গিয়াস ও তার স্ত্রীর বিরুদ্ধে সওজের মামলা

জমি দখল করে সরকারের ৮২ লাখ টাকা ক্ষতির অভিযোগে বিএনপির সাবেক সাংসদ মুহাম্মদ গিয়াসউদ্দিন ও তার দ্বিতীয় স্ত্রী তৌহফিজা বেগমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2007, 06:37 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

নারায়ণগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী মো. সানাউল হক বাদী হয়ে মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় এই মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, সাংসদ থাকাকালে গিয়াসউদ্দিন ২০০২ সালের ৮ আগস্ট তার স্ত্রী তৌহফিজা বেগমের নামে সওজের আওতাধীন পোল্ডার সড়কের ৪র্থ মাইলে সিদ্ধিরগঞ্জের ডগাইর ও খদঘোষপাড়া মৌজায় এক বছরের জন্য ৮ দশমিক ২৭ একর জমি সামাজিক বনায়নের জন্য ইজারা নেন। কিন্তু জমি ইজারা নেওয়ার পর শর্ত ভেঙে জমির মাটি বিক্রি করে সেখানে মাছ চাষ করেন।

এসময় সওজ বাধা দিলে গিয়াসউদ্দিন তা না মেনে সওজ কর্মকর্তা-কর্মচারীদের হুমকি দেন। ২০০৩ সালে ইজারার মেয়াদ শেষ হলেও তৌহফিজা বেগম তা নবায়ন না করে ২০০৬ সালের অক্টোবর মাস পর্যন্ত জমিটি দখলে রাখেন।

এজাহারে বলা হয়, সামাজিক বনায়নের নামে ইজারা নিয়ে চুক্তি লঙ্ঘন করে জমির মাটি কেটে সেখানে পুকুর বানিয়ে মাছ চাষ করায় সরকারের ৮১ লাখ ৭৮ হাজার টাকা ক্ষতি হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, পুলিশ মামলাটি গ্রহণ করেছে। উপ-পরিদর্শক শাফি খান বর্তমানে মামলাটি তদন্ত করে দেখছে।

এর আগে একই থানায় মঙ্গলবার বিকেলে বাংলাদেশ চুন প্রস্তুতকারক মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু তালেব বাদী হয়ে গিয়াসউদ্দিনের বিরুদ্ধে চার কোটি ১৫ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে মামলা দায়ের করেন।