ভবদহের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ
সরকার যশোরের ভবদহে জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নিতে যাচ্ছে। এ সমস্যার কারণগুলো চিহ্নিত করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয়ের এক বৈঠকে ভবদহ সমস্যা নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল জানান, বর্ষা মৌসুমের আগেই ওই এলাকার ভেঙে যাওয়া রাস্তা ও কালভার্ট পুনর্নির্মাণ বা সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে।
উপদেষ্টা বলেন, “বার বার একই রাস্তা তৈরি করা সম্ভব নয়, এতে প্রচুর টাকার অপচয় হয়। এ কারণে একবারই রাস্তা তৈরি করতে হবে এবং তা করতে হবে ভালোভাবে।”
আনোয়ারুল ইকবাল জানান, সম্প্রতি ভবদহ ঘুরে এসে প্রধান উপদেষ্টা নিজেই উপদেষ্টা পরিষদের বৈঠকে দ্রুত এ সমস্যা সমাধানের নির্দেশ দেন।
স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, “ভবদহে এ পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।” দ্রুত এ সমস্যা সমাধানের জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
সভায় উপস্থিত যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুল করিম বলেন, “ভবদহ সমস্যা সমাধানের জন্য এ পর্যন্ত ২৫২ কোটি টাকা ব্যয় হয়েছে, কিন্তু কোন লাভ হয়নি।”
তিনি জানান, এ সমস্যার জন্য স্থানীয় অধিবাসীরা পানি উন্নয়ন বোর্ডের ওপর ক্ষিপ্ত। গত তিন মাসে সেনাবাহিনীর হস্তক্ষেপে ১২ হাজার হেক্টর জমির জলাবদ্ধতা কিছুটা দূর হয়েছে। এই তিন মাসে মাছ ধরার জন্য কোনো ঘের, বাঁধ তৈরি বা মাটি ভরাট করতে দেওয়া হয়নি। ফলে জলাবদ্ধতা খানিকটা কমেছে।
ফজলুল করিম বলেন, “ভবদহ সমস্যা সমাধানের জন্য স্বল্প ও দীর্ঘ মেয়াদী প্রস্তাব হাতে নেওয়া হয়েছে। জলাবদ্ধতার কারণে মনোহরপুর থেকে কালিবাড়ি এবং কাঁটাখালি থেকে মনোহরপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার রাস্তা প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। এগুলো দ্রুত সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে।”
সভায় সচিব সফররাজ হোসেন বলেন, “ভবদহ সমস্যার সমাধানের জন্য পানি উন্নয়ন বোর্ড একক সিদ্ধান্ত নিয়ে কাজ করলে হবে না। জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের জন্য সমন্বিত সিদ্ধান্ত নিতে হবে। একইসঙ্গে ওই এলাকার আর্সেনিক, যোগাযোগ ও বেড়িবাধের সমস্যা সবাই মিলে সমাধান করতে হবে।”
“অধিক খাদ্য ফলাও” কর্মসূচির অধীনে ষাটের দশকে উপকূলীয় এলাকায় বাঁধ ও যশোরের শ্রী নদীর বিভিন্ন স্থানে ফোল্ডার নির্মাণ করা হয়। একই সময়ে নির্মাণ করা হয় তিনটি স্লুইস গেট। এতে ১৯৮০ সাল পর্যন্ত মোটামুটি ভাল ফসল ফলে। কিন্তু ৮১-৮২ সালের দিকে পলি জমে নদীর নাব্যতা কমে আসতে শুরু করে। ফলে যশোর, খুলনা ও সাতক্ষীরার পাঁচটি উপজেলায় শুরু হয় জলাবদ্ধতা।
এই সুযোগে স্থানীয় প্রভাবশালীদের একটি অংশ বিভিন্ন স্থানে ঘের দিয়ে মাছ চাষ শুরু করলে জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করে। এরপর খুলনা-যশোর পানি নিষ্কাশন প্রকল্প (কেজেডিআরপি) ২৫২ কোটি টাকার একটি প্রকল্প অসমাপ্ত রেখে দিলে যশোরের মনিরামপুর, অভয়নগর, কেশবপুর, খুলনার ডুমুরিয়া ও সাতক্ষীরার তালায় ১২ হাজার হেক্টর আবাদী জমি চাষের অযোগ্য হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা মানবেতর জীবনযাপনে বাধ্য হয়। এখানকার সমস্যা সমাধানে এ পর্যন্ত স্থায়ী কোন উদ্যোগ নেওয়া হয়নি।
