২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যতো শিগগির সম্ভব নির্বাচন হওয়া উচিত: বিউটেনিস

বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্খা অনুযায়ী যত শিগগির সম্ভব অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়া উচিত। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বিউটেনিস বুধবার খুলনায় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন। তবে তিনি বলেছেন, “নির্বাচনের দিন-তারিখ সম্পর্কে আমরা বলতে পারি না। এটা সম্পূর্ণ বাংলাদেশ সরকারের ব্যাপার।”

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2007, 12:48 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

দুর্নীতির অভিযোগে গ্রেপ্তারকৃতদের প্রসঙ্গে তিনি বলেন, যাদেরকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে তাদের নিজেদের এবং জনগণের জানার অধিকার আছে, কি কারণে তাদের গ্রেপ্তার করা হচ্ছে। গ্রেপ্তারকৃতরা যেন আইনি সহায়তা থেকে বঞ্চিত না হন এবং তাদের মানবাধিকার যাতে লঙ্ঘিত না হয় সেই বিষয়টি খেয়াল রাখতে হবে।

সকাল ৯ টায় নগরীর অভিজাত হোটেল ক্যাসল সালামে আয়োজিত এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় প্রেসক্লাব ফেডারেশনের সভাপতি আলহাজ লিয়াকত আলী, খুলনা প্রেসক্লাবের সভাপতি মকবুল হোসেন মিন্টু, সাবেক সভাপতি বেগম ফেরদৌসী আঁখি, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সাহেব আলী, বাসস এর খুলনা প্রতিনিধি মুনীর উদ্দিন আহমেদ প্রমুখ।

এর আগে সকাল ৮টায় খুলনা আলীয়া মাদ্রাসায় ইন্টারনেট লার্নিং সেন্টারের উদ্বোধন করেন বিউটেনিস। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক এসএম ফিরোজ আলম ও মাদ্রাসার অধ্যক্ষ মাওলনা মো. সালেহ। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি খুলনা থেকে বাগেরহাটের উদ্দেশে রওনা দেন। সেখানে স্থানীয় জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের সঙ্গে স্থানীয় সরকার শক্তিশালীকরণ বিষয়ক এক মতবিনিময় সভায় যোগ দেবেন। বৃহস্পতিবার তিনি সুন্দরবন ভ্রমণ শেষে ঢাকা ফিরবেন বলে জানা গেছে।