নারায়ণগঞ্জে ঘুষখোর ভূমি কর্মকর্তা হাতে নাতে গ্রেপ্তার
র্যাব ও দুর্নীতি দমন কমিশন মঙ্গলবার বিকেলে সদর উপজেলার কাশীপুর ইউনিয়ন ভূমি অফিসে অভিযান চালিয়ে ঘুষ নেওয়ার সময় ভূমি সহকারী কর্মকর্তা (তহশীলদার) মোহসীন মিয়াকে হাতেনাতে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ঘুষের চার হাজার টাকা।
র্যাব-১১ সূত্র জানায়, কাশীপুর এলাকার আবদুস সামাদ খোকন তার জমি মিউটেশন করতে গেলে তহশীলদার মোহসীন মিয়া ছয় হাজার টাকা ঘুষ চান।
রোববার দুহাজার টাকা মোহসীন মিয়াকে দেয় খোকন। বাকি চার হাজার টাকা দিতে আবদুস সামাদ খোকন মঙ্গলবার বিকেলে কাশীপুর ইউনিয়ন ভূমি অফিসে যান।
এ সময় র্যাব-১১ ও দুদক সদস্যরা অভিযান চালিয়ে হাতেনাতে আটক করেন মোহসীন মিয়াকে।
দুর্নীতি দমন কমিশনের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক বেনজীর আহমেদ জানান, মোহসীন মিয়াকে ফতুল্লা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
তিনি বাদী হয়ে ফতুল্লা থানায় একটি মামলা করেছেন।
