ঢাকা থেকে কলকাতা যেতে দশ ডলার ভাড়ার প্রস্তাব বাংলাদেশ রেলওয়ের
ঢাকা-কলকাতা রুটে সরাসরি ট্রেন চলাচলের খুঁটিনাটি চূড়ান্ত করতে আগামী সপ্তাহে ঢাকা আসছে ভারতীয় রেলওয়ের একটি প্রতিনিধি দল। তাদের সঙ্গে আলোচনায় বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ ঢাকা-কলকাতা রুটে একমুখী ভাড়া ন্যূনতম দশ ডলার করার প্রস্তাব করবে।
বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক কাজী আসাদুল্লাহ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “আমরা ভাড়া ন্যূনতম ১০ ডলার করার চিন্তা ভাবনা করছি।”
তিনি বলেন,“আগামী সপ্তাহে ভারতীয় প্রতিনিধিদলের সঙ্গে ট্রেন চালানোর বিষয়ে সবকিছু চূড়ান্ত করা হবে।”
রেলওয়ের প্রস্তাবনা অনুসারে, জয়দেবপুর থেকে কলকাতার শিয়ালদহ যেতে সময় লাগবে ১১ ঘণ্টা ৫ মিনিট। ট্রেন ছাড়বে বাংলাদেশ সময় সকাল ৭টা ৪৫ মিনিটে। ভারতীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে এটি শিয়ালদহ পৌছবে।
এর মধ্যে দর্শনা ও ভারতের গেদে স্টেশনে ইমিগ্রেশন ও কাস্টমস আনুষ্ঠানিকতার জন্য দেড় ঘণ্টা সময় দরকার হবে। টাঙ্গাইল, উল্লাপাড়া ও পোড়াদহ স্টেশনে তিন মিনিট করে এবং ঈশ্বরদী জংশনে ২০ মিনিট ট্রেন থামানোর প্রস্তাব দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
অন্যদিকে শিয়ালদহ থেকে ট্রেন ছাড়বে ভারতীয় সময় সকাল ৭টায় আর জয়দেবপুর পৌঁছবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে। মোট সময় লাগবে ১১ ঘণ্টা ১০ মিনিট।
ঢাকা-কলকাতা-ঢাকা রুটে সরাসরি ট্রেন চালুর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষের প্রস্তুতি হিসেবে বুধবার যোগাযোগ মন্ত্রণালয়ে একটি আন্তঃমন্ত্রণালয় সভা হওয়ার কথা আছে। যোগাযোগ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠেয় ওই সভায় পররাষ্ট্র, স্বরাষ্ট্র, যোগাযোগ, অর্থ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ঠ দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে রেলওয়ে সূত্র জানিয়েছে।
