২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিইপিজেডের লেনি ফ্যাশনে শ্রমিক অসন্তোষ

সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের পুরোন জোনের লেনি ফ্যাশন কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। হংকং এর মালিকানাধীন ওই কারখানা থেকে শতাধিক শ্রমিক চাকরিচ্যুত করায় সোমবার প্রতিষ্ঠানটির সাত হাজার শ্রমিক কর্মবিরতি পালন করেন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2007, 09:44 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানিয়েছেন, অসন্তোষের জের ধরে কারখানা শ্রমিকরা গত মঙ্গলবার শ্রীলংকার নাগরিক উদারা পিটার, শ্রমিক শফিক এবং বিমল সরকারকে মারধর করে। এরপর মহাব্যবস্থাপক মাহমুদুল ইসলাম কারখানাটি চারদিনের জন্য বন্ধ ঘোষণা করে।

রোববার কারখানাটি আবার খুলে দেওয়ার পর ১৬ জন শ্রমিকের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়েরের খবরে উত্তেজনা ছড়িয়ে পড়ে বাকি শ্রমিকদের মাঝে। ওই দিনই তারা ব্যাপক বিক্ষোভ করেন। এর জবাবে কর্তৃপক্ষ রবি ও সোমবার দুইদিনে ৯৫ শ্রমিককে বরখাস্ত করলে সোমবার কর্মবিরতি পালন করেন শ্রমিকরা।

মহাব্যবস্থাপক মাহমুদুল ইসলাম জানিয়েছেন, শ্রমিকদের বিভিন্ন নাশকতামূলক কাজের জন্য গত এক সপ্তাহ ধরে কারখানার উৎপাদন বন্ধ রয়েছে।

ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।