মামুনের ‘স্বীকারোক্তিমূলক’ জবানবন্দি, আরও ৯ দিনের রিমান্ড
আরও একটি চাঁদাবাজির মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গিয়াস উদ্দিন আল মামুন। জবানবন্দিতে “হাওয়া ভবনের প্রভাব খাটিয়ে” চাঁদাবাজির কথা স্বীকার করেছেন তিনি।
এদিকে অপর দুই চাঁদাবাজির মামলায় মামুনকে সোমবার মোট নয় দিনের রিমান্ডে নিয়েছে গুলশান ও ধানমন্ডি থানা পুলিশ।
কাফরুল থানায় ‘রেজা কনস্ট্রাকশন’ এর মালিক খান মোঃ আফতাব উদ্দিনের দায়ের করা চাঁদাবাজির মামলায় চারদিনের রিমান্ড শেষে সোমবার দুপুরে মামুনকে ঢাকার মূখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়। এ সময় কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল খালেক আদালতের কাছে ১৬৪ ধারার মামুনের জবানবন্দি রেকর্ড করার আবেদন জানান।
আদালতের নির্দেশে মামুন ঢাকার মূখ্য মহানগর হাকিম এ বি এম আব্দুল ফাত্তাহর কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
জবানবন্দিতে তিনি সহযোগীদের নিয়ে হাওয়া ভবনের প্রভাব খাটিয়ে রেজা কনস্ট্রাকশন এর মালিক খান মোহাম্মদ আফতাব উদ্দিনের কাছ থেকে চাঁদা নেওয়ার কথা স্বীকার করেন।
এর আগে গুলশান থানায় খান মো. আফতাব উদ্দিনের দায়ের করা আরও একটি চাঁদাবাজির মামলায় গত ৫ এপ্রিল স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন মামুন।
এদিকে অপর দুই চাঁদাবাজির মামলায় মামুনকে আলাদাভাবে মোট নয় দিনের রিমান্ডে নিয়েছে গুলশান ও ধানমন্ডি থানা পুলিশ। মহানগর হাকিম সেলিনা আকতারের আদালত সোমবার এই রিমান্ডের আবেদন মঞ্জুর করেন।
গুলশান থানায় হারুন ফেরদৌসীর দায়ের করা ৮১ লাখ টাকা চাঁদাবাজির মামলায় পাঁচদিন এবং ধানমন্ডি থানায় মীর জাহির হোসেনের দায়ের করা ৫৩ লাখ টাকা চাঁদাবাজির মামলায় চারদিনের রিমান্ড মঞ্জুর করেন তিনি। মামলার তদন্ত কর্মকর্তা দুটো মামলাতেই সাতদিন করে রিমান্ডের আবেদন জানালেও আদালত আলাদাভাবে মোট নয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামুনের আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম আদালতে তার রিমান্ড বাতিলের আবেদন জানান। তবে আদালত ওই আবেদন খারিজ করে দেন।
