বাগমারায় দুই চরমপন্থী ও এক জেএমবি সদস্য গ্রেপ্তার
রাজশাহীর বাগমারায় যৌথবাহিনী ও পুলিশ আলাদা অভিযান চালিয়ে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (এমএল) লাল পতাকার সদস্য গোয়ালকান্দি ইউপির দুই সদস্য ও এক জেএমবি কর্মীকে আটক করেছে।
সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে তাদের আটক করা হয়।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা গোলাম সারোয়ার জানান, সোমবার বিকেলে পুলিশ উপজেলার আলোকনগর থেকে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি লাল পতাকার সদস্য আবেদ আলীকে আটক করে। আবেদ আলী গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য।
একই সময়ে হামিরকুৎসার হাসানপুরে নিজ বাড়ি থেকে জেএমবি সদস্য আবদুর রহমানকে আটক করে পুলিশ। আবদুর রহমানের বিরুদ্ধে মকবুল চেয়ারম্যান হত্যা প্রচেষ্টার মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে ওসি জানিয়েছেন।
এদিকে যৌথবাহিনী বাগমারার হামিরকুৎসা থেকে পুর্ববাংলা কমিউনিস্ট পার্টি লাল পতাকার সদস্য দুলু খাঁকে আটক করেছে। দুলু খাঁ গোয়ালকান্দি ইউপি সদস্য।
আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে বলে ওসি মীর্জা গোলাম সারোয়ার জানান।
