বিমানের জেট ফুয়েল বিক্রির অভিযোগে তিনজন গ্রেপ্তার
বাংলাদেশ বিমানের জেট ফুয়েল চুরি করে বিক্রির অভিযোগে সোমবার ঢাকার যাত্রাবাড়ি থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
এ সময় তেলবাহী ট্যাংক লরি আটক ও তেল বিক্রির ৪৪ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া তিনজন হল-ট্যাংক লরি চালক হাকিম (৩৮), সহকারী ফারুক (৩৬) ও বিল্লাল (৩৪)।
র্যাব-১১ সূত্র জানায়, শীতলক্ষা নদীর তীরে সিদ্ধিরগঞ্জের গোদনাইলে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পদ্মা অয়েল কোম্পানির ডিপো থেকে সোমবার সকালে নয় হাজার লিটার জেট ফুয়েল নিয়ে ট্যাংক লরিটি জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর যাচ্ছিল।
পথে সিদ্ধিরগঞ্জের গোদনাইলের বার্মা ইস্টার্ন এলাকায় লরির চালক ও দুই সহকারী এক হাজার লিটার তেল ৪৪ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে।
র্যাব সদস্যরা খবর পেয়ে ঢাকার যাত্রাবাড়ি থেকে ট্যাংক লরিটি আটক করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবদে গ্রেপ্তারকৃতরা জানায়, বিমানের এক শ্রেণীর দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীর সহায়তায় তারা দীর্ঘ দিন ধরে জেট ফুয়েল বিক্রি করত। স্থানীয় চোরাই তেল ব্যবসায়ী ফয়সাল, শাহেদ কাজী, শাহজাহান ও শাহাবুদ্দীন এসব জেট ফুয়েল কিনত বলেও তারা স্বীকার করেছে।
গ্রেপ্তারকৃতদের আদমজী র্যাব কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
