নোয়াখালীর কোম্পানিগঞ্জে বার্ড ফ্লু আক্রান্ত আট’শ মুরগি নিধন
কোম্পানিগঞ্জ উপজেলার চর হাজারী গ্রামে নাসিরের পোল্ট্রি ফার্মের বার্ড ফ্লু আক্রান্ত আট’শ ব্রয়লার মুরগি মেরে ফেলা হয়েছে। রোববার রাত সাড়ে ১০ টায় মুরগিগুলো পুড়িয়ে আট ফুট মাটির নিচে পুতে ফেলা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনির হোসেন খান, জেলা পশু সম্পদ কর্মকর্তা ডা. এম এ মালেক এবং কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম রমজান হোসেন।
ডা. এমএ মালেক জানান, তিনদিন আগে ওই পোল্ট্রি ফার্মের মালিক নাসির তার খামারের মুরগি মারা যাওয়ার খবর জেলা পশু সম্পদ কর্মকর্তাকে জানালে তিনি নমুনা পাঠিয়ে দেন ফেনীর আঞ্চলিক পশুরোগ অনুসন্ধান গবেষণাগারে। সেখানে পরীক্ষায় মুরগিগুলোতে বার্ড ফ্লু সংক্রমণ নিশ্চিত হয়।
এ ছাড়াও ঢাকার সাভারে বাংলাদেশ পশুসম্পদ গবেষণা প্রতিষ্ঠানেও (বিএলআরআই) নমুনা পাঠানো হয়। সেখান থেকেও রোববার বার্ড ফ্লু সংক্রমণ নিশ্চিত করা হয়।
প্রসঙ্গত, কোম্পানিগঞ্জ উপজেলায় জেলা পশু সম্পদ বিভাগে নিবন্ধিত ৮২টি এবং অনিবন্ধিত প্রায় ৪০০টি মুরগির খামার রয়েছে। এ খামারগুলোতে মোট মুরগি আছে পাঁচ লাখ।
বার্ড ফ্লু বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে সোমবার কোম্পানিগঞ্জ ইউএনও কার্যালয়ে উপজেলার সকল পোল্ট্রি মালিকের সঙ্গে এক মত বিনিময় সভা আহ্বান করা হয়েছে। এখানে ইউএনও এবং জেলা পশু সম্পদ কর্মকর্তা উপস্থিত থাকবেন।
