রাষ্ট্রপতির কোটায় যুগ্মসচিব মাহমুদ হোসাইনের পদাবনতি
রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় যুগ্ম-সচিব হিসেবে পদোন্নতি পেয়ে ভূমি জরিপ অধিদপ্তরের মহাপরিচালক পদে প্রেষণে নিযুক্ত মাহমুদ হোসাইন আলমগীরকে পদাবনতি করে আবার আগের উপসচিব পদে সংস্থাপন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।
রোববার সংস্থাপন মন্ত্রণালয় থেকে এ আদেশ জারি করা হয়। এ ছাড়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক হিসেবে দুই যুগ্ম-সচিবের বদলির আদেশ বাতিল করা হয়েছে। গত ১৪ মার্চ তাদের দুদকে বদলি করা হয়েছিল। এরা হলেন, শিক্ষা মন্ত্রণালয়ের এ জেড এম সফিকুল আলম এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের রওশন আরা বেগম।
রোববার এ ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং সেলে তিনজন এবং বিদ্যুৎ অপচয় ও অপব্যবহার রোধে বিদ্যুৎ ব্যবহার কার্যক্রম মনিটরিংয়ের জন্য চারজন উপ-সচিবকে মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং সেলে সংযুক্ত তিন উপসচিব হলেন-মজিবর রহমান, সারোয়ার জাহান ও খুরশিদ আলম।
বিদ্যুৎ তদারকির জন্য মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত চার উপসচিব হলেন-ইকরামুল হক, আনোয়ার হোসেন, মাহবুব উল আলম এবং আব্দুর রহমান।
এদিকে কোস্ট গার্ডের উপ-মহাপরিচালক হিসেবে প্রেষণে নিয়োজিত নৌবাহিনীর কমোডর আবুল কালাম আজাদকে একই বাহিনীর মহাপরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
