পানি সংকট মোকাবিলার চেষ্টা চলছে: আনোয়ারুল ইকবাল
স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল বলেছেন, সরকার পানি সংকট মোকাবিলার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
রোববার বিকেলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ওয়াসার কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, “প্রতি বছরই শুষ্ক মৌসুমে পানি সংকট দেখা দেয়। এবারও দেখা দিয়েছে। পানির স্তর নিচে নেমে গেছে। সংকট মোকাবিলায় যতোটা সম্ভব চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা।”
তিনি বলেন, গ্রাহকরা যাতে তাদের সমস্যা ও অভিযোগের কথা জানাতে পারেন সেজন্য ওয়াসার অভিযোগ কেন্দ্র এখন থেকে ২৪ ঘণ্টা খোলা রাখা হবে।
বৈঠক সূত্রে জানা গেছে, রাজধানীতে প্রতিদিন পানির চাহিদা ২১০ কোটি লিটার। ঢাকায় ওয়াসার ৪৫৩টি গভীর নলকূপ ও চারটি পানি শোধনাগার থেকে ১৫৮ কোটি লিটার পানি সরবরাহ করার কথা। এর ৮২ ভাগ আসে গভীর নলকূপের মাধ্যমে। কিন্তু শুষ্ক মৌসুমে পানির স্তর নিচে নেমে যাওয়ায় ওই পরিমাণ পানি উত্তোলন করা সম্ভব হচ্ছে না।
এর সঙ্গে যোগ হয়েছে বিদ্যুৎ বিভ্রাট। জেনারেটর দিয়ে দৈনিক ৮/১০ ঘণ্টার বেশি পাম্প চালানো যাচ্ছে না। ফলে প্রতিদিনই পানির উত্তোলন কমছে। এ সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে বলে বৈঠক সূত্রে জানা যায়।
বৈঠক শেষে ওয়াসার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক শহিদুর রহমান প্রধান সাংবাদিকদের বলেন, “ঢাকা ওয়াসার ১৮টি গভীর নলকূপ অকেজো হয়ে আছে। এগুলো সংস্কারের কাজ চলছে। খুব শিগগিরই চালু করা সম্ভব হবে বলে আশা করছি।”
উপদেষ্টা জানান, টঙ্গীতে ইজতেমার মাঠে বেশকিছু গভীর নলকূপ রয়েছে। সেগুলো ব্যবহার করে ওই এলাকায় পানি সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
