ওয়ানটেলের প্রধান কার্যালয় থেকে ভিওআইপি কলের প্রমাণ জব্দ
র্যাবের গোয়েন্দা শাখার সদস্যরা রোববার বেসরকারি ফিক্সড টেলিফোন কোম্পানি ওয়ানটেল এর কার্যালয়ে অভিযান চালিয়ে ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) কল করার প্রমাণ সম্বলিত কাগজপত্র জব্দ করেছে। অভিযানের সময় সুইচ রুমের যেসব অংশ ভিওআইপি কল করতে ব্যবহৃত হতো সেগুলো সিলগালা করে দেওয়া হয়।
অবৈধ ভিওআইপি ব্যবসা প্রতিরোধে গঠিত টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) ছয় সদস্যের কমিটির উপস্থিতিতে দুপুর সাড়ে ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বনানীর কামাল আতাতুর্ক সড়কের ব্লু ওশেন টাওয়ারের ১৪ তলায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অভিযান চালানো হয়।
অভিযানে অংশ নেওয়া র্যাব গোয়েন্দা শাখার উপ-পরিচালক মেজর শামসুজ্জোহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতিষ্ঠানটির গত বছরের জুন থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ভিওআইপি কল বিলের কাগজপত্র জব্দ করা হয়েছে। একইসঙ্গে সিল করে দেওয়া হয়েছে ওয়ানটেলের সুইচ রুম ও সিস্টার কর্নসান ওয়াননেটের আইটি সেকশনের কিছু অংশ।
জব্দ করা কাগজপত্র অনুযায়ী, ওয়ানটেল এর সংযোজিত একটি অপারেটর গত মার্চ মাসে ২ লাখ ৭৭ হাজার ১৭২ মিনিট ভিওআইপি কল করেছে। এছাড়া ৬৪৪-৯৯-৫৫৫৫০ নম্বরের একদিনের ডাটায় ২ লাখ ৬১ হাজার মিনিট ভিওআইপি কল করার রের্কড রয়েছে।
অবশ্য ওয়ানটেলের প্রধান নির্বাহী আব্দুর রকিব সাবের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর কাছে দাবি করেন, তাদের প্রতিষ্ঠান কখনোই অবৈধ ভিওআইপির সঙ্গে যুক্ত ছিল না।
তবে ওয়ানটেলের আইটি পরিচালক আরিফুর রহমান জানান, তারা পাঁচ/ছয় মাস আগে ভিওআইপি কল করতেন, এখন করা হয় না।
মেজর জোহা আরও জানান, প্রতিষ্ঠানটি ভারতের ইউটি স্টার কোম্পানির সহায়তায় ভিওআইপি কল সংযোগের কাজ করতো বলে প্রমাণ পাওয়া গেছে। ইউটি স্টার কোম্পানির কর্মকর্তা নাভিন ওয়ান্দে ওয়ানটেলের ভিওআইপির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত বলেও প্রমাণ পেয়েছে র্যাব।
এছাড়া ওয়ানটেলের সংযোগ ব্যবহার করে উত্তরবঙ্গ ও দক্ষিণ উত্তরবঙ্গে এখনো মাঠপর্যায়ের ক্ষুদ্র ব্যবসায়ীরা ভিওআইপি ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
বিটিআরসির উপ-পরিচালক মো. হারিছুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ব্যাপারে বিটিআরসি বাদী হয়ে গুলশান থানায় একটি মামলা দায়ের করবে।
তবে গোয়েন্দা শাখার সিনিয়র সহকারী পরিচালক লেফটেন্যান্ট খন্দকার আল মঈন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওয়ানটেলের ১৩/১৪ হাজার গ্রাহকের কথা বিবেচনা করে সুইচ রুমের যেসব অংশ দিয়ে ভিওআইপি করা হতো কেবল সেগুলো সিল করে দেওয়া হচ্ছে।
