বগুড়ায় পৌর কমিশনার হিরু গ্রেপ্তার
বগুড়া পৌরসভার ৭নং ওয়ার্ড কমিশনার ও সাবেক ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন পশারী হিরুকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা।
জানা যায়, রোববার দুপুর ১২ টার দিকে কমিশনার হিরু বগুড়া পৌরসভায় কাজে এলে আগে থেকে অপেক্ষমান র্যাব সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানান, বগুড়া সদর থানায় হিরুর বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজী ও সন্ত্রাসীসহ ১০/১২টি মামলা রয়েছে। এ ছাড়া কমিশনার হিসেবে তার বিরুদ্ধে দুর্নীতির বহু অভিযোগ রয়েছে।
ক্যাপ্টেন মেহেদী আরও জানান, চিহ্নিত সন্ত্রাসীর চেয়েও হিরু তার এলাকায় অনেক বেশী পরিমাণে সন্ত্রাসী কার্যকলাপ ঘটিয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে।
