পোল্ট্রি মালিকদের সহায়তা করার কর্মপরিকল্পনা আগামী সপ্তাহে
এভিয়ান ইনফ্লুয়েঞ্জা সংক্রমণের কারণে ক্ষতিগ্রস্ত পোল্ট্রি মালিকদের সহায়তা করার ব্যাপারে আগামী সপ্তাহের মধ্যে মন্ত্রণালয় থেকে একটি কর্মপরিকল্পনা তৈরি করা হবে।
শনিবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক ও হাঁস-মুরগির খামার মালিকদের সঙ্গে বৈঠকে বন ও পশু সম্পদ উপদেষ্টা সি এস করিম এ কথা জানান।
এর আগে তিনি সিদ্ধিরগঞ্জের জালকুঁড়িতে বার্ড ফ্লু সংক্রমণের শিকার মুক্তা পোল্ট্রি ফার্ম এবং ফতুল্লার শিহারচরে চিশতিয়া পোল্ট্রি ফার্ম পরিদর্শন করেন।
বার্ড ফ্লু ধরা পড়ার পর চিশতিয়া পোল্ট্রি ফার্মের তিন হাজার মুরগির সবই মেরে ফেলা হয়। পরিদর্শনের সময় ওই খামারের পাশেই একটি পুকুরে হাঁসের বিচরণ দেখে দ্রুত সেগুলোকে মেরে ফেলার নির্দেশ দেন তিনি।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত বৈঠকে উপদেষ্টা বলেন, সংশ্লিষ্ট সবার আন্তরিক চেষ্টায় দেশে বার্ড ফ্লু’র সংক্রমণ ও বিস্তার আপাতত রোধ করা গেলেও ভবিষ্যতের জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। তা না হলে এই শিল্পের রপ্তানির সম্ভাবনা বাধাগ্রস্থ হবে।
তিনি জানান, বার্ড ফ্লু সংক্রমণের কারণে দেশের তিন লাখ খামারের ২২ কোটি হাঁস-মুরগির মধ্যে ২০টি খামারের ৭০ হাজার মুরগি মেরে ফেলতে হয়েছে।
ক্ষতিপূরণ সম্পর্কে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত খামার মালিকদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য পশু সম্পদ মন্ত্রণালয়ের নিজস্ব কোনো তহবিল আপাতত নেই। তবে তাদের কীভাবে সহায়তা করা যায় তা নির্ধারণ করতে কৃষি ব্যাংক, পোল্ট্রি শিল্পে ঋণদানকারী এনজিও ও খামার মালিকদের বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠক করে মন্ত্রণালয় আগামী সপ্তাহের মধ্যে একটি কর্মপরিকল্পনা তৈরি করবে।
তিনি আরো বলেন, বার্ড ফ্লুর ভাইরাস পরীক্ষার জন্য দেশে যেসব পরীক্ষাগার রয়েছে সেগুলোর সম্প্রসারণ, আধুনিকায়ন, প্রশিক্ষণ ও উন্নত গবেষণার ব্যবস্থা করা হবে। এতে করে অদূর ভবিষ্যতে ভাইরাস পরীক্ষার জন্য থাইল্যান্ড বা যুক্তরাজ্যে নমুনা পাঠাতে হবে না।
বন্দর পোল্ট্রি ব্যবসায়ী এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপদেষ্টাকে জানান, বার্ড ফ্লু সংক্রমণের কারণে উপজেলার সব হাঁস-মুরগির খামার সিল করে দেওয়া হয়েছে। তারা বাংলা নববর্ষ উপলক্ষে মুরগি ও ডিম বিক্রি করতে দেওয়ার অনুমতি চান।
পশু সম্পদ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ আতাউর রহমান, যুগ্মসচিব খলিলুর রহমান সিদ্দিক, উপসচিব আনিসুর রহমান, জেলা প্রশাসক আহসান হাবিব, জেলা পুলিশ সুপার ছিবগাত উল্লাহ, যৌথবাহিনীর প্রতিনিধি মেজর মাকসুদ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
