২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌতুক দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের পানিশ্বরে যৌতুকের দাবিতে শুক্রবার রাতে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে তার বাবা অভিযোগ করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2007, 07:07 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

পুলিশ নিহতের শরীরে আঘাতের চিহ্ন খুঁজে পেলেও ময়না তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছে।

নিহত গৃহবধূ আসমা বেগমের (২৫) বাবা আবদুল হাকিম জানান, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তার মেয়েকে স্বামী নুরুল ইসলাম নির্যাতন করত। এ কারণে তিন মাস আগে আসমা পালিয়ে বাপের বাড়ি চলে আসে।

আবদুল হাকিম জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় কয়েক দিন আগে আসমা আবার স্বামীর বাড়ি ফিরে যায়। এরপর শুক্রবার রাতে তাকে শ্বাসরোধ করে হত্যা করে নুরুল ইসলাম।

সরাইল থানার উপ-পরিদর্শক আবু বকর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “এ ব্যাপারে আসমার স্বামী, শ্বশুর-শাশুড়িসহ পাঁচজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন আবদুল হাকিম। নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে তবে ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত স্পষ্ট করে কিছু বলা যাবে না।”

ঘটনার পর থেকেই আসমা বেগমের স্বামী, শ্বশুর, শাশুড়ি পলাতক।