বিটিটিবিতে দুর্নীতির তদন্ত চালিয়ে যাচ্ছে টাস্কফোর্স
বাংলাদেশ টেলিফোন এণ্ড টেলিগ্রাফ বোর্ডের (বিটিটিবি) অনিয়ম, দুর্নীতি আর লুটপাটের ঘটনায় তদন্ত চালিয়ে যাচ্ছে দুর্নীতি বিরোধী জাতীয় টাস্কফোর্স।
গত পাঁচ বছরে নানা অনিয়ম আর লুটপাটের সঙ্গে জড়িত সন্দেহে সিবিএ নেতা থেকে শুরু করে সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে তদন্ত করবে এই টাস্কফোর্স।
এরইমধ্যে টাস্কফোর্স বিএনপিপন্থী টেলিযোগাযোগ শ্রমিক-কর্মচারি ইউনিয়নের (সিবিএ) প্রভাবশালী সাত নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়। বিটিটিবি’র চেয়ারম্যানের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে টাস্কফোর্সের সামনে হাজির হওয়ার নির্দেশ পাওয়া এই সাতজন হলেন, মহাসচিব এমএ কাইয়ুম, যুগ্ম মহাসচিব মো. ফারুক, মোহাম্মদ লোকমান হোসেন, সিবিএ’র দুই সাংগঠনিক সম্পাদক মনজুর আহম্মদ (আলম) ও নাসিমুল গনি, প্রচার সম্পাদক একেএম আামিনউদ্দিন খোকন ও সহ-সভাপতি হারুন-অর-রশীদ।
এদের পাঁচ জন গত শনিবার এবং একজন বৃহষ্পতিবার টাস্কফোর্সের সামনে হাজির হলে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তিরও খোঁজখবর নেওয়া হয়। চিঠি পাওয়ার আটদিন পার হলেও মহাসচিব এমএ কাইয়ুম অসুস্থতার কারণ দেখিয়ে এখনও টাস্কফোর্সের সামনে হাজির হননি।
বিটিটিবির একজন শীর্ষ কর্মকর্তা ও শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) একজন সহ-সভাপতি টাস্কফোর্সের এই জিজ্ঞাসাবাদের সত্যতা স্বীকার করেছেন।
সম্প্রতি সিবিএ সভাপতি ফিরোজ মিয়াকে গ্রেপ্তার করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছে যৌথবাহিনী। তার কাছ থেকে পাওয়া সূত্র ধরে দুর্নীতিবাজ সিবিএ নেতাদের একটি তালিকা তৈরি করা হয়েছে বলে জানিয়েছে টাস্কফোর্স।
টাস্কফোর্সের পাশাপাশি বিটিটিবি’র অভ্যন্তরীণ একটি তদন্ত কমিটিও এসব অনিয়ম-দুর্নীতির তদন্তে কাজ করছে। এ লক্ষ্যে সারাদেশে একাধিক আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে। আঞ্চলিক কমিটি মনিটর করার জন্য একজন জেনারেল ম্যানেজারের নেতৃত্বে একটি কেন্দ্রীয় কমিটিও গঠন করা হয়েছে। এই কমিটির প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে সারাদেশে ৯০ জন কর্মকর্তা-কর্মচারিকে বহিস্কার ও সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে। এছাড়া কয়েকশ’ কর্মকর্তা-কর্মচারিকে বিভিন্ন এলাকায় বদলি করা হয়েছে বলে জানিয়েছে বিটিটিবি সুত্র।
বিটিটিবি’র প্রাথমিক তদন্তেও এসব অনিয়ম-দুর্নীতির অনেক অভিযোগ প্রমাণিত হয়েছে। এসব অভিযোগে শুধু রাজস্ব বিভাগের ৪৮ কর্মকর্তা-কর্মচারিকে বহিস্কার ও সাময়িক বহিস্কার করা হয়। এ ছাড়া অনেক কর্মকর্তা কর্মচারিকে বদলি করা হয়েছে।
