২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতেনাতে গ্রেপ্তার না হলেও বিচারের বিধান রেখে দ্রুত বিচার আইনে সংশোধন

এখন থেকে যেকোনো ভাবে গ্রেপ্তার বা আত্মসর্মপণকারী ব্যক্তিকে দ্রুত বিচার আইনের আওতায় বিচার করা যাবে। দ্রুত বিচার আইনের আওতায় আনতে এতদিন পর্যন্ত হাতেনাতে গ্রেপ্তারের বাধ্যবাধকতা ছিল। আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ(দ্রুত বিচার) আইন ২০০২ এ সংশোধনী এনে এ বিধান যুক্ত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2007, 04:20 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

শনিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে দ্রুত বিচার আইন সংশোধন সংক্রান্ত প্রস্তাব এ অনুমোদন দেওয়া হয়। একই বৈঠকে জরুরি ক্ষমতা অধ্যাদেশ-২০০৭ এর সংশোধনী প্রস্তাবও অনুমোদিত হয়।

এছাড়া দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ ২০০৭ এর সংশোধনী প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম সাংবাদিকদের বলেন, আইন শৃঙ্খলা বিঘœকারী অপরাধ(দ্রুত বিচার) আইনটি সংশোধনী প্রস্তাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এর ফলে আইনটির ১০ নম্বর ধারার তিন নম্বর উপধারার পর চার নম্বর উপধারা যুক্ত হবে।

তিনি জানান, নতুন উপধারায় উল্লেখ করা হয়েছে, এ আইনের অধীনে কোনো অপরাধে অভিযুক্ত ব্যক্তি উপধারা দুই এর আওতায় অর্থাৎ হাতেনাতে ধরা না পড়ে অন্য কোনোভাবে ধরা পড়লে বা আদালতে আত্মসমর্পণ করলে, সে অপরাধের বিষয়ে যত দ্রুত সম্ভব ধারা ৯(২) এর অধীনে রিপোর্ট বা অভিযোগ দাখিল করতে হবে। আদালত অভিযুক্ত ব্যক্তিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে অভিযোগ দাখিলের ৩০ কার্যদিবসের মধ্যে বিচার কার্য সম্পাদন করবেন।

আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দ্রুত বিচার আইনে শুধু অপরাধ সংঘটনের সময় হাতেনাতে ধরা পড়া অপরাধীর বিচার করার সুযোগ রয়েছে। আইন সংশোধনের ফলে হাতেনাতে ধরা না পড়ে অন্য যে কোনো ভাবে গ্রেফতার বা আত্মসমর্পণ করলেও তার বিরুদ্ধে এ আইনে বিচার করা যাবে।

রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে সংশোধনীটি কার্যকর হবে বলে জানা গেছে।

প্রেস সচিব আরও জানান, জরুরি ক্ষমতা অধ্যাদেশ ২০০৭ এর সংশোধন বিষয়ের প্রস্তাবও বৈঠকে অনুমোদন দেওয়া হয়। এ আইনে কিছু শব্দ ও ভাষাগত পরিবর্তন আনা হয়।

প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ। ১০ উপদেষ্টাই এ বৈঠকে উপস্থিত ছিলেন।