নাজমুল হুদা ফের কারাগারে
শুল্ক আইন, বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন এবং বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় চারদিনের রিমান্ড শেষে নাজমুল হুদাকে আবার কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম মো. মামুন-আল-রশীদ শুক্রবার এই আদেশ দেন। একইসঙ্গে হুদার সুচিকিৎসার জন্যও কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি।
বিকাল সোয়া ৪টার দিকে নাজমুল হুদাকে আদালতে নিয়ে আসে ধানমন্ডি থানা পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা মো. আমীর হোসেন রিমান্ড ফেরত প্রতিবেদনে বলেছেন, অভিযুক্তের কাছ থেকে অবৈধভাবে রাখা বৈদেশিক মুদ্রা সংক্রান্ত বহু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এগুলো এখন যাচাই বাছাই করা হচ্ছে।
প্রতিবেদনে আরো বলা হয়, নাজমুল হুদার বিরুদ্ধে অস্ত্র, গাড়ির নম্বর প্লেট জালিয়াতিসহ দোহার থানার দায়ের হওয়া কয়েকটি মামলার তদন্ত চলছে। তাই অভিযুক্তকে জামিন না দিয়ে কারাগারে পাঠানো হোক।
গত ৫ ফেব্রুয়ারি নাজমুল হুদার ধানমন্ডির বাসা থেকে ১৩৫০ পাউন্ড, ৩০০ ইউরো, ১৮টি কাতারের মুদ্রা, ১৭৯৬ সিঙ্গাপুরের ডলার এবং ১৮ লাখ ৬৮ হাজার ৪৭০ টাকা উদ্ধার করে যৌথবাহিনী। অবৈধভাবে ওইসব মুদ্রা রাখার অভিযোগে নাজমুল হুদার বিরুদ্ধে ১৪ ফেব্রুয়ারি ধানমন্ডি থানায় এসআই মঞ্জুরুল আহসান বাদী হয়ে শুল্ক আইন, বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন এবং বিশেষ ক্ষমতা আইনের মামলাটি দায়ের করেন।
আদালতে হুদার পক্ষে মামলা পরিচালনা করেন সৈয়দ শাহ আলম, রজ্জব হোসেন প্রমুখ।
