পাবনায় ৪ কোটি টাকার ভারতীয় পণ্য আটক
১০ রাইফেল ব্যাটালিয়নের একটি দল পাবনা শহরের বেনিয়া পট্টি থেকে প্রচুর ভারতীয় শাড়ি, থ্রি-পিচ, শাল চাদর, সুয়েটার ও বিছানার চাদর আটক করেছে।
বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার সকাল সাড়ে আটটা পর্যন্ত অভিযান চালিয়ে প্রায় চার কোটি টাকার এসব পণ্য আটক করা হয় বলে বিডিআর সূত্র জানিয়েছে।
১০ রাইফেল ব্যাটালিয়নের অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন খালিদ জানান, বেনিয়া পট্টির আলহাজ সুপার মার্কেকের ১৬ টি দোকান থেকে আটক করা অবৈধ পণ্যের দাম প্রায় ৪ কোটি টাকা। এসব পণ্য ভারত থেকে এনে আলহাজ্ব মার্কেটের দোকানে মজুত করে রাখা হয়েছিল। অবশ্য অভিযানের সময় মালিকদের গ্রেপ্তার করা যায়নি।
তিনি জানান, আটক করা পণ্য শুক্রবার রাতে রাজশাহী শুল্ক গুদামে জমা দেওয়া হবে। এছাড়া মামলা করা হবে মালিকদের বিরুদ্ধে।
