চাঁদাবাজি মামলায় স্বীকারোক্তি দিয়েছেন মামুন
গুলশানের রেজা কনস্ট্রাকশনের মালিক খান মোহাম্মদ আফতাব উদ্দিনের দায়ের করা এক কোটি ৩২ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গিয়াসউদ্দিন আল মামুন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন।
ঢাকার মহানগর হাকিম এবিএম আবদুল ফাত্তাহর খাস কামরায় বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটায় ওই মামলার তদন্ত কর্মকর্তা ইমতিয়াজ এম এ কে ভুঁইয়া তাকে নিয়ে যান।
কিন্তু সন্ধ্যা ৬টা পর্যন্ত মামুন জবানবন্দী দিলেও, তিনি জবানবন্দীতে কী কী বলেছেন আদালতের কোন সুত্রই তা সাংবাদিকদের জানাননি।
এ ব্যাপারে মামুনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দীতে কী কী বলেছি তা বলতে পারবো না। কারণ আপনারা যেমন সবকিছু জেনেও লিখতে পারেন না তেমনি আমিও সব কিছু জেনেও তা আপনাদের বলতে পারি না।
কারণ আমারওতো সংসার রয়েছে। আমার জন্য দোয়া করবেন যাতে ভালো থাকতে পারি।’
জানা গেছে, তদন্তের স্বার্থেই মামুনের চাঁদাবাজির মামলাগুলোতে কঠোর গোপনীয়তা রক্ষা করা হচ্ছে।
১৬৪ ধারায় জবানবন্দীর পর মামুনকে ধানমন্ডি থানার মীর জাহির হোসেন এর দায়ের করা চাঁদাবাজি মামলায় ৫ দিনের রিমান্ড এর আদেশ দেন মহানগর হাকিম শামসুল আলম।
এবং একই সঙ্গে কাফরুল থানায় রেজা কনস্ট্রাকশনের মালিক আফতাব উদ্দিনের দায়ের করা আরেকটি মামলায় তাকে চার দিনের পুলিশ রিমান্ডের আদেশ দেন মহানগর হাকিম মীর আলি রেজা।
মামুনকে বৃহষ্পতিবার দুপুরে খান মোহাম্মদ আফতাবউদ্দিনের দায়ের করা এক কোটি ৩২ লাখ টাকা চাঁদাবাজি মামলায় পাঁচদিন রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়।
এছাড়া সম্পদের হিসাব দাখিল না করায় বৃহষ্পতিবার সকালে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় আদালত মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
গত ২৬ মার্চ পুরনো ডিওএইচএসের নিজ বাসা থেকে মামুনকে গ্রেপ্তারের পর ওই দিনই ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক আবদুল আউয়াল বাদী হয়ে অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এর পর ২৭ মার্চ পঞ্চগড়ের মার্শাল ডিস্টিলারিজের মালিক হারুন ফেরদৌসী ৮১ লাখ টাকা, গুলশানের রেজা কনস্ট্রাকশনের মালিক মো. আফতাবউদ্দিন ১ কোটি ৩২ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে গুলশান থানায় দুইটি মামলা ও আফতাবউদ্দিন কাফরুল থানায় ১৬ লাখ টাকা দাবির অভিযোগে আরেকটি মামলা দায়ের করেন।
গত ২ এপ্রিল নওগাঁর এক ব্যবসায়ী মোঃ জাহিদ ধানমন্ডি থানায় ৫৩ লাখ টাকা এবং ৪ এপ্রিল মীর জাহের হোসেন নামে একজন ঠিকাদার তিন কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে ধানমন্ডি থানায় দুইটি মামলা দায়ের করেন।
