২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক রহমানকে কারা হাসপাতাল থেকে স্থানান্তর

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে কারা হাসপাতাল থেকে বৃহস্পতিবার কারাগারের সাধারণ কয়েদী সেলে স্থানান্তর করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2007, 07:45 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

কারা হাসপাতালের চিকিৎসকরা স্বাস্থ্য পরীক্ষা করে তারেক রহমানকে আর হাসপাতালে রাখার প্রয়োজন নেই বলে সিদ্ধান্ত নেন।

উপ-মহা কারা পরিদর্শক মেজর শামসুল হায়দার সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সকালে আদালতে হাজির করার পর দুপুরে সাড়ে ১২ টার দিকে তারেককে সেখান থেকে সরাসরি কারাগারের সাধারণ কয়েদী সেলে নিয়ে যাওয়া হয়। তাকে বর্তমানে কারাগারের চম্পাকলি ভবনের একটি কক্ষে একা রাখা হয়েছে।

কারা চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে মেজর সিদ্দিকী জানান।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের চিকিৎসক ড. রফিক আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এর আগে মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তারেকের ম্যাগনেটিক রিজোনেন্স ইমেজিং (এমআরআই), সিটি স্ক্যান, এক্সরে এবং রক্তের হিমোগ্লোবিনের সংখ্যাসহ ইএসআর পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলে অস্বাভাবিক কোন কিছু পাওয়া যায়নি।

ড. রফিক আরো জানান, বর্তমানে শুধুমাত্র তার কোমড়ের হাড়ে সামান্য ব্যাথা রয়েছে, যা সাধারণ সেলে রেখেই চিকিৎসাযোগ্য। এ কারণে তাকে আর হাসপাতালে রাখার প্রয়োজন নেই।

এর আগে এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ এনে তারেক রহমানের বিরুদ্ধে ৮ মার্চ আমিন আহম্মেদ ভূঁইয়া নামে একজন ঠিকাদার গুলশান থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। যৌথবাহিনীর সদস্যরা ৭ মার্চ রাতে খালেদা জিয়ার মঈনুল সড়কের বাসা থেকে তারেক রহমানকে গ্রেপ্তার করে।