২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে মেয়রসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

দুর্নীতি মামলায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদরউদ্দিন আহমেদ কামরানসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2007, 04:56 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুল গফুর বৃহস্পতিবার সকালে দুর্নীতি মামলায় মেয়রের জামিন আবেদন নাকচ করে দিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মেয়রের আইনজীবী ও সিলেট জেলা বারের সাধারণ সম্পাদক রুহুল আনাম চৌধুরী মিন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, সিটি কর্পোরেশনের মেয়র কামরানসহ ১৯ জনের বিরুদ্ধে ২০০৩ সালে শিবগঞ্জ কিচেন মার্কেটের বন্দোবস্ত সংক্রান্ত একটি দুর্নীতি মামলা দায়ের করা হয়। এদের মধ্যে একজন কারাগারে আছেন।

দুর্নীতি দমন কমিশন চলতি বছরের ৭ ফেব্রুয়ারি এ মামলায় অভিযোগ গঠনের পর গত ২৭ মার্চ শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ রফিকুল আলম ছুটিতে থাকায় ৫ এপ্রিল জামিন ও অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য হয়।

বৃহস্পতিবার সকালে শুনানি শেষে বিচারক আগামী ১২ এপ্রিল বিভাগীয় বিশেষ আদালতে এ মামলার বিচার কাজ শুরুর দিন ধার্য করেন।