২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ৫

বন্দর নগরীতে বৃহস্পতিবার সকালে দুটি সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত এবং নয়জন আহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2007, 01:09 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বন্দর এলাকায় ভোর সাড়ে পাঁচটার দিকে কাস্টমস হাউজ মোড়ে একটি যাত্রীবাহী সিটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যায়।

নিহতরা হলেন-বন্দর এলাকার নতুন বাজারের নার্গিস (৩৭), পতেঙ্গার মো. জসিম (৩৫), নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের ক্বারী মো. আবদুল মান্নান (৪০) এবং বাবুগঞ্জ, বরিশালের মো. মালেক (৬৫)।

এ ঘটনায় আহত দেলওয়ার (৩৫), আলম (৩২), মানিক (২২), দুলাল (৩৫), আব্দুল (৩০), কুলসুম (২০), মোছা.আরজু (২২) এবং অজ্ঞাত অপর দুই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেডিকেল সূত্র জানায়, বাসটির চালক জসিমকে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি মারা যান।

বন্দর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারি উপ পরিদর্শক (এএসআই) কাওসার হামিদ জানান, মোড় ঘোরার সময় সিটি বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। দ্রুতগামী বাসটি উল্টে গিয়ে রাস্তার পাশে কাস্টমস হাউজের রেলিংয়ে আঘাত করে বলে প্রতক্ষ্যদর্শীরা পুলিশকে জানিয়েছে।

তিনি জানান, এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ ছাড়া বহদ্দারহাট এলাকায় সকাল সাতটার দিকে একজন টেম্পো চালকের সহকারী টেম্পো চালাতে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে আঘাত করলে সে গুরুতর আহত হয়। মেডিকেল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপ পরিদর্শক রতন সিংহ জানান, আশঙ্কাজনক অবস্থায় অজ্ঞাতনামা ১২/১৩ বছরের এই কিশোরকে চমেক হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়।