সচিবালয় থেকে ভুয়া সিনিয়র সহকারী সচিব আটক
সিনিয়র সহকারী সচিব পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে বুধবার পুলিশ সচিবালয় থেকে মোবারক হোসেন নামের একজনকে আটক করেছে।
এ ব্যাপারে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ মোবারককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে।
পুলিশ ও আইন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আইন মন্ত্রণালয়ের কর্মচারী শামীম হকের ভাইকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি প্রকল্পে চাকরি দেওয়ার কথা বলে মোবারক নগদ ৫০ হাজার টাকা নেয়। মোবারক নিজেকে সংস্থাপন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব বলে পরিচয় দিয়েছিল।
চাকরি না হওয়ায় শামীম বিষয়টি একই মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুলতানা নাসিরা খানকে জানালে তিনি মোবারককে সচিবালয়ে ডেকে নিয়ে যান। তিনি খোঁজ নিয়ে জানতে পারেন সংস্থাপন মন্ত্রণালয়ে ওই নামে কোনো সিনিয়র সহকারী সচিব নেই।
মোবারককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
