আক্রাম পয়েন্টে গভীর সমূদ্রবন্দর স্থাপনের প্রস্তাব নাকচ
সুন্দরবনের সৌন্দর্যহানি হতে পারে এই আশঙ্কায় খুলনার আক্রাম পয়েন্টে গভীর সমূদ্র বন্দর স্থাপনের প্রস্তাব নাকচ করে দিয়েছেন নৌ-পরিবহন উপদেষ্টা মেজর জেনারেল (অব.) এম এ মতিন।
বুধবার দুপুরে সচিবালয়ে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান আশরাফ এম ইকবাল ও সংশ্লিষ্ট কর্মকর্তারা আক্রাম পয়েন্টে গভীর সমূদ্র বন্দর স্থাপনসহ বেশ কয়েকটি প্রস্তাব উপস্থাপন করেন।
উপদেষ্টা তাদের বলেন, আক্রাম পয়েন্টের তিন দিকে সুন্দরবন। ওই পয়েন্টে গভীর সমূদ্র বন্দর স্থাপন করা হলে সুন্দরবনের সৌন্দর্যহানি ঘটবে। এ কারণে সেখানে বন্দর স্থাপনের সিদ্ধান্ত যৌক্তিক হবে না।
মংলা বন্দর কর্তৃপক্ষের উপস্থাপনায় বলা হয়, মংলা বন্দরকে সচল ও গতিশীল করতে সেখানে শ্রমিক সংগঠনগুলোর তৎপরতা ও সংখ্যা কমাতে হবে। বন্দরে শ্রমিক গ্যাং ও এর জনবলও কমাতে হবে। বন্দরে পণ্যবাহী জাহাজের সংখ্যা বাড়াতে ঢাকার সঙ্গে মংলা বন্দরের যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার আরো উন্নতি প্রয়োজন। এজন্য মাওয়ায় একটি সেতু (প্রস্তাবিত পদ্মা সেতু) নির্মাণ এবং বন্দরে রেল যোগাযোগ স্থাপন করতে হবে। এছাড়া বন্দরে পণ্য ওঠা-নামার জন্য কিছু আধুনিক সরঞ্জামও আমদানি করতে হবে।
উপদেষ্টা এম এ মতিন চট্টগ্রাম বন্দরের মতো মংলাতেও তিন শিফটে কাজ করার নির্দেশ দেন।
পরে উপদেষ্টা সাংবাদিকদের জানান, মংলা বন্দরের বিভিন্ন সমস্যা সম্পর্কে জেনেছি। এ ব্যাপারে বন্দর কর্তৃপক্ষকে সুনির্দিষ্ট প্রস্তাব দিতে বলা হয়েছে।
