২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ বিল বকেয়া থাকলে সিটি কর্পোরেশন সরকারি বরাদ্দ পাবে না: আনোয়ারুল ইকবাল

স্থানীয় সরকার উপদেষ্টা মো. আনোয়ারুল ইকবাল বলেছেন, সিটি কর্পোরেশনের বিদ্যুৎ বিল বকেয়া থাকলে সরকারি বরাদ্দ দেওয়া হবে না।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2007, 06:37 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

বুধবার খুলনা নগর ভবনে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) কর্মকর্তা-কর্মচারি ও ওয়ার্ড কমিশনারদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, সরকার পৌরসভার মতো সিটি কর্পোরেশনগুলোতেও তিন থেকে পাঁচ সদস্যের প্যানেল করার সিদ্ধান্ত নিয়েছে। মেয়রের অনুপস্থিতে ওয়ার্ড কমিশনারদের নিয়ে গঠিত এ প্যানেলের কোনো একজন মেয়রের দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, পৌরসভার কমিশনাররা সম্মানী ভাতা পেলেও সিটি কর্পোরেশনের কমিশনাররা তা পান না। এটা দুঃখজনক। তিনি জানান, সিটি কর্পোরেশনের কমিশনারদের জন্যও সম্মানী ভাতার ব্যবস্থা করা হবে।

আনোয়ারুল ইকবাল কেসিসির কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, নগরবাসীর সেবার মান উন্নত করতে হবে। তিনি পুলিশের প্রতিও একই ধরনের আহ্বান জানান। এছাড়া

মসজিদ নির্মাণসহ কোনো কাজেই দুর্নীতি না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

সভায় উপদেষ্টা কেসিসি পরিচালিত রূপসা বাসষ্ট্যান্ড সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় সরিয়ে নেওয়ার পরামর্শ দেন। পাশাপাশি নগরীর ডাকবাংলা বেবি স্ট্যান্ডটিও রূপসা বাস স্ট্যান্ডে সরিয়ে নেওয়ার পরামর্শ দেন তিনি।

উপদেষ্টা এ সময় রূপসা বাস স্ট্যান্ড থেকে গাড়ি প্রতি ২০ টাকা চাঁদা আদায়ের বিষয়টিতে অসন্তোষ প্রকাশ করেন। তিনি আরও বলেন, এশিয়া উন্নয়ন ব্যাংকের অর্থায়নে নগরীর বিভিন্ন ওয়ার্ডে প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারের কার্যক্রম ওয়ার্ড কমিশনারদের কারণে বাধাগ্রস্ত হচ্ছে। তিনি এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য কমিশনারদের সতর্ক করে দেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খুলনা সিটি মেয়র শেখ তৈয়েবুর রহমান।

মতবিনিময় সভায় উপদেষ্টা সিটি মেয়র শেখ তৈয়েবুর রহমানের কাছে বায়তুন নূর মসজিদের তৃতীয় তলা নির্মাণের জন্য এক কোটি টাকা বরাদ্দের একটি চিঠি হস্তান্তর করেন।

এছাড়া তিনি খুলনা কলেজিয়েট গার্লস স্কুল এন্ড ইউনিভার্সিটির জন্য একটি লিফট বরাদ্দের ঘোষণা দেন।

মতবিনিময় সভার আগে উপদেষ্টা আনোয়ারুল ইকবাল ৫ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত খুলনা সিটি কর্পোরেশনের নগর ভবনের উদ্বোধন করেন।