সাবেক প্রতিমন্ত্রী আজাদ ও বিএনপি নেতা মঞ্জুকে চার সপ্তাহের আগাম জামিন
ত্রানের টিন উদ্ধার মামলায় বিএনপির সাবেক প্রতিমন্ত্রী লুৎফুর রহমান আজাদ ও একটি হত্যা মামলায় গোপালগঞ্জ বিএনপির সভাপতি এম এইচ খান মঞ্জুকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। সেইসঙ্গে তাদের কেনো স্থায়ী আগাম জামিন দেওয়া হবে না তার কারণ দেখাতে সরকারের প্রতি আদেশ দিয়েছে আদালত।
বুধবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিএনপির এই দুই নেতার পৃথক আগাম জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
তাদের জামিন আবেদনে বলা হয়, এম এইচ খান মঞ্জুর বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় গত বছর ১৩ মার্চ একটি হত্যা মামলা দায়ের করা হয়। তার পক্ষে জামিন আবেদনের শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মওদুদ আহমেদ।
অন্যদিকে সাত কোটি টাকারও বেশি দামের ত্রানের ঢেউটিন উদ্ধার, প্রতারনা ও ভীতি প্রদর্শনের অভিযোগে গত ৭ মার্চ লুৎফর রহমান আজাদের বিরুদ্ধে টাঙ্গাইলের ঘাটাইল থানায় মামলা দায়ের করা হয়।
তার পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিক উল হক ও এডভোকেট এম কে রহমান।
