দুর্নীতি দমন কমিশনের নথি পাচার রহস্যের সুরাহা হয়নি এখনও
দুর্নীতি দমন কমিশন থেকে ৫৪ বস্তা গুরুত্বপূর্ণ নথি সরিয়ে ফেলার চেষ্টার পর প্রায় একমাস পার হলেও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এদিকে ওইসব নথি পাচারের ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে গঠিত তদন্ত কমিটি নির্ধারিত সময়ের ১০ দিন পরও প্রতিবেদন জমা দিতে পারেনি।
অভিযোগ উঠেছে, ঘটনার সঙ্গে জড়িতদের আড়াল করতেই তদন্ত প্রতিবেদন জমা দিতে এমন বিলম্ব করছে কমিটি।
নিয়মানুযায়ী পুরানো সরকারি নথি পুড়িয়ে ফেলার কথা থাকলেও গত ৭ মার্চ রাতে কমিশনের সিদ্ধান্ত ছাড়াই উপ-পরিচালক (প্রশাসন ও লজিস্টিকস) মো. গোলাম ফারুক একজন কাগজ ব্যবসায়ীর কাছে সাড়ে আট হাজার টাকায় ৫৪ বস্তা কাগজ বিক্রি করেন।
গোলাম ফারুক ওই সময় সাংবাদিকদের বলেছিলেন, “কাগজগুলো বিক্রি করা আমার ভুল হয়েছে। আমি বুঝতে পারিনি সেগুলো বিক্রির জন্য কমিশনের অনুমতি নিতে হবে।”
পরদিন ৮ মার্চ বিষয়টি জানাজানি হলে রাত ৮ টার দিকে বিক্রি করা বস্তাগুলো ফিরিয়ে এনে সচিবের নির্দেশে কমিশনের অভ্যর্থনা কক্ষে তা সিলগালা করে রাখা হয়।
এরপর ১২ মার্চ ওই কাগজ বিক্রির ঘটনায় কারা জড়িত সে বিষয়ে তদন্ত করতে কমিশনের পরিচালক (প্রশাসন, মানব সম্পদ ও অর্থ) মো. আব্দুল ওয়াদুদকে প্রধান করে উপ-পরিচালক এস এম সাব্বির হাসান এবং সিনিয়র হিসাব রক্ষক ইসমাইল হোসেনকে নিয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটিকে ১০ দিনের মধ্যে ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দিতে বলাও হয়। কিন্তু বেঁধে দেওয়া সময়ের মধ্যে কমিটি তদন্ত প্রতিবেদন জমা না দিয়ে আরও তিন দিন সময় চেয়ে আবেদন জানায়।
সে হিসেবে ২৫ মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও আজও তা জমা দেয়নি কমিটি।
প্রতিবেদন জমা না দেওয়া প্রসঙ্গে তদন্ত কমিটির প্রধান মো. আব্দুল ওয়াদুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটানা তিনদিনের ছুটি এবং কমিশনের কাজ বেড়ে যাওয়ায় প্রতিবেদন জমা দিতে একটু দেরি হচ্ছে। তবে আর কয়েক দিনের মধ্যেই তা জমা দিতে পারব বলে আমি আশাবাদী।”
ঘটনার সঙ্গে জড়িতদের আড়াল করার অভিযোাগ প্রসঙ্গে তিনি বলেন, “এই অভিযোগ ঠিক নয়। প্রতিবেদন জমা দেওয়ার পরেই তা পরিষ্কার হয়ে যাবে।”
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কমিশনের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “বিগত জোট সরকারের নানা অপকর্মের বিরুদ্ধে যত অভিযোগ কমিশনে জমা ছিল সেগুলো সরিয়ে ফেলতেই পুরানো কাগজ বিক্রির নামে এই নাটক সাজানো হয়েছে।”
ওই কর্মকর্তা আরও বলেন, “ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে বরাখাস্ত না করে তাকে কমিশনে বহাল তবিয়তে রাখা হয়েছে। এতেই প্রমাণিত হয় কমিশন এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনাগ্রহী।”
নির্ধারিত সময়ে তদন্ত প্রতিবেদন জমা না দেওয়া প্রসঙ্গে কমিশনের সচিব মো. দেলোয়ার হোসেন বলেন, “দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আমি কমিটিকে বলেছি। সম্ভবত দুর্নীতি বিরোধী অভিযানের কারণে তা বিলম্বিত হচ্ছে।”
