২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আটাবের আন্দোলনে যাত্রীশূন্য ব্রিটিশ এয়ার

কমিশন কমিয়ে দেওয়ায় ব্রিটিশ এয়ারওয়েজের টিকিট বিক্রি বন্ধ করার পর এবার অ্যাসেসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশ (আটাব) এয়ারলাইন্সটির টিকিট রিজার্ভেশনও বন্ধ করে দিয়েছে। ফলে এ দেশে থেকে চলাচলকারী এয়ারলাইন্সটির বিভিন্ন ফ্লাইট হয়ে পড়েছে যাত্রীশূন্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2007, 08:21 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

আটাব সভাপতি মোহাইমেন সালেহ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার থেকে ব্রিটিশ এয়ারের টিকিট রিজার্ভেশন পুরোপুরি বন্ধ করে দেওয়ায় বাংলাদেশ থেকে এয়ারলাইন্সটির চলাচলকারী বিভিন্ন ফ্লাইট যাত্রীশূন্য হয়ে পড়েছে। এতে এয়ালাইন্সটি যেমন আর্থিক ক্ষতি হচ্ছে, তেমনি আটাবের সদস্য প্রায় দেড় হাজার ট্রাভেল এজেন্ট প্রতিষ্ঠানকেও গুনতে হচ্ছে বিপুল অংকের লোকসান।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ব্রিটিশ এয়ারওয়েজের পক্ষ থেকে এখনো কোনো সমঝোতার প্রস্তাব দেওয়া হয়নি।”

সমঝোতা না হলে আটাবের আন্দোলন চলবে বলে তিনি জানান।

মোহাইমেন সালেহ জানান, ব্রিটিশ এয়ার কর্তৃপক্ষ টিকিট বিক্রির কমিশন আগের হারে (সাত শতাংশ) না দিলে কোনোভাবোই সমঝোতা সম্ভব নয়।

প্রসঙ্গত, খরচ কমাতে ব্রিটিশ এয়ার গত ২৪ মার্চ আটাব কর্তৃপক্ষকে জানায়, ১ এপ্রিল থেকে এয়ারলাইন্সটির টিকিট বিক্রির কমিশন সাত শতাংশ থেকে কমিয়ে এক শতাংশ করা হচ্ছে। এরই প্রতিবাদের আটাব অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়।

আটাব সূত্র জানায়, ব্রিটিশ এয়ারের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে বাংলাদেশের নিম্ন আদালত একটি স্থগিতাদেশ দিয়েছে। বছর তিনেক আগেও আটাব এয়ারলাইন্সটির টিকিট বিক্রি করে নয় শতাংশ কমিশন পেতো। ২০০৪ সালে এই কমিশন কমিয়ে সাত শতাংশে আনা হয়।

এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করেও ব্রিটিশ এয়ারওয়েজ কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।