২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতিবাজ ধরতে ফাঁদ মামলা করতে পারবে কমিশন

মামলা করার আগেই দুর্নীতি দমন কমিশনকে অভিযুক্তের অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত এবং প্রয়োজনে ফাঁদ মামলা দায়ের করার ক্ষমতা দিয়ে ‘দুর্নীতি দমন কমিশন বিধিমালা-২০০৭ জারি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2007, 08:26 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

মঙ্গলবার প্রকাশিত বিধিমালায় কমিশনকে সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যে অভিযুক্তের বিরুদ্ধে অনুসন্ধান, ৬০ কার্যদিবসের মধ্যে তদন্ত কাজ সম্পন্ন, নোটিশ পাওয়ার দুই সপ্তাহের মধ্যে অভিযুক্তদের স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব নেওয়ার সময় সীমা বেঁধে দেওয়া হয়েছে।

২৯ মার্চ কমিশন এই বিধিমালা জারি করে।

বিধিমালা জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিশন যেসব অভিযোগ সম্পর্কে অনুসন্ধানের সিদ্ধান্ত নেবে সেই বিষয়ে নির্দেশ পাওয়ার ১৫ কার্যদিবসের মধ্যে অনুসন্ধান কাজ শেষ করতে হবে। তবে ১৫ কার্যদিবসের মধ্যেই যদি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত সময় চেয়ে আবেদন জানায় তা আরও ১৫ কার্যদিবস পর্যন্ত বাড়ানো যাবে।

অনুসন্ধানের দায়িত্বে থাকা কর্মকর্তাকে প্রতিমাসের সাত তারিখের মধ্যে আগের মাসের অনুসন্ধান কাজের প্রতিবেদন দাখিল করতে হবে।

এতে আরও বলা হয়েছে, মামলা তদন্তের নির্দেশ পাওয়ার দিন থেকে ৪৫ কার্যদিবসের মধ্যে তদন্তকাজ শেষ করতে হবে। তবে যুক্তিসঙ্গত কারণে আরও ১৫ কার্যদিবস তা বাড়ানো যাবে।

অবৈধ উপায়ে অর্জিত স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষেত্রে প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোনো ব্যক্তির জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ নামে-বেনামে সম্পত্তি থাকলে ওই সব সম্পত্তি মামলা দায়ের করা ছাড়াই দায়িত্বপ্রাপ্ত কার্মকর্তা বিশেষ আদালতের অনুমতি নিয়ে তা বাজেয়াপ্ত করতে পারবে।

দুর্নীতি প্রতিরোধের ক্ষেত্রে দুর্নীতির সঙ্গে জড়িত কোনো ব্যক্তিকে হাতেনাতে ধরার জন্য তদন্তের দায়িত্বপ্রাপ্ত কর্মকতাৃ কমিশনের অনুমোদনক্রমে ফাঁদ মামলা প্রস্তুত বা পরিচালনা করতে পারবেন।

প্রজ্ঞাপণে বলা হযেছে, কমিশনের কাছে যদি এমন তথ্য থাকে যে, কোনো ব্যক্তি বৈধ উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পত্তি অর্জন করেছে, তবে কমিশন নোটিশ জারি করে সাত দিনের মধ্যে ওই ব্যক্তির সম্পত্তির হিসাব চাইতে পারবে।

কমিশনের অভ্যন্তরিণ দুর্নীতি দমনের ক্ষেত্রে বলা হয়েছে, এই বিধিমালার আওতায় ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে কোনো কর্মকর্তা-কর্মচারী দুর্নীতির অশ্রয় নিলে বা কোনো ব্যক্তিকে অযথা হয়রানি করলে ওই কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রয়োজনে তাদের বিরুদ্ধে অভিযোগের তদন্তের জন্য ডিজিএফআই, সিআইডি, এনএসআই, র‌্যাব, ডিবি ইত্যাদি সংস্থার সাহায্যের জন্য কমিশন অনুরোধ করতে পারবে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, উল্লিখিত কোনো অপরাধ সংক্রান্ত বিষয়ে থানায় অভিযোগ দায়ের করার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। সংশ্লিষ্ট থানা অভিযোগ পাওয়ার দুই কার্যদিবসের মধ্যে তা নিবন্ধন করে নিকটস্থ জেলায় বা কমিশনে পাঠাবে।