২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৪ এপ্রিল পর্যন্ত ছয়দিন খোলা বাজারে পণ্য বিক্রি চলবে

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে আগামী ২৪ এপ্রিল পর্যন্ত সপ্তাহে ছয়দিন খোলা বাজারে বিক্রি (ওএমএস) অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2007, 05:44 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

বুধবার থেকে প্রতি সপ্তাহে ছয়দিন ওএমএস-এ পণ্য বিক্রি করা হবে। একই সঙ্গে খোলা বাজারে বিক্রি বাড়ানোর জন্য নতুন করে ৫০০ জন ডিলার নিয়োগসহ ডিলারপ্রতি পণ্যের সরবরাহ দ্বিগুণ করারও সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে খাদ্য মন্ত্রণালয়ের এক আন্ত:মন্ত্রণালয় সভায় মঙ্গলবার এ সিদ্ধান্ত নেয়া হয়।

খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা তপন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলামসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা এবং টিসিবির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভা শেষে উপদেষ্টা তপন চৌধুরী সাংবাদিকদের জানান, “খোলা বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কারণে বাজারে পণ্যের মূল্য অনেকটা সহনশীল পর্যায়ে এসেছে। এ কারণে সরকার আগামী ২৪ এপ্রিল পর্যন্ত খোলা বাজারে বিক্রি (ওএমএস) অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে।”

আগামী ২৫ এপ্রিল থেকে বোরো সংগ্রহ অভিযান শুরু হওয়ার কারণে এরপর থেকে আর খোলা বাজারে পণ্য বিক্রি করা হবে না বলে জানান উপদেষ্টা।

তপন চৌধুরী বলেন , “বর্তমানে সপ্তাহে তিনদিন ওএমএস-এ পণ্য বিক্রি করা হচ্ছে। আগামী ২৪ এপ্রিল পর্যন্ত ওএমএস চালু রেখে বাজার নিয়ন্ত্রণে সরকার আরো নতুন করে ৫০০ জন ডিলার নিয়োগ করবে। বিভিন্ন মহানগর ও জেলা পর্যায়ে এসব ডিলারের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। একই সঙ্গে ডিলারপ্রতি বর্তমানে সরবরাহ করা পণ্যের পরিমাণও বাড়িয়ে দিগুণ করা হবে।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা তপন চৌধুরী বলেন, “বর্তমানে সরকারের গুদামে পর্যাপ্ত পণ্যের মজুদ রয়েছে। প্রয়োজনে সরকার এসব পণ্য বাজারে ছেড়ে দেবে।”