সিএনজি স্টেশনের জন্য বরাদ্দ ৭০ ভাগ জায়গাই এখন খালি
সিএনজি ফিলিং স্টেশন স্থাপনের জন্য বরাদ্দ দেওয়া ১৭০টি প্লটের মধ্যে ১৩৭টি বা শতকরা ৭০ ভাগই খালি পড়ে আছে। চার বছরে মাত্র ২৪টি প্লটে ফিলিং স্টেশন স্থাপন করা হয়েছে। ছয়টি প্লটের বরাদ্দ বাতিল করা হয়েছে। তিনটি প্লটের সীমানা জটিলতার কারণে এখন পর্যন্ত বুঝিয়ে দেওয়া যায়নি।
নীতিমালা লঙ্ঘন করে প্রায় সাড়ে পাঁচ’শ কোটি টাকার ১৩৭টি প্লট বরাদ্দপ্রাপ্তরা দখল করে রেখেছেন। এসব প্লট যারা নিয়েছেন তাদের অধিকাংশই প্রভাবশালী হওয়ায় বিগত সরকারের আমলে এগুলো বাতিল করা হয়নি।
যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ড. মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বলেন, “যে প্লটগুলোতে এখন পর্যন্ত সিএনজি স্টেশন করা হয়নি সেগুলোর তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। যৌক্তিক কারণ ছাড়া যেসব প্লট ফেলে রাখা হয়েছে সেগুলোর বরাদ্দ বাতিল করা হবে।”
সচিব বলেন, “সিএনজি ফিলিং স্টেশন স্থাপনের জন্য যন্ত্রপাতি দেশের বাইরে থেকে আমদানি করতে হয়। অনেকেই ব্যাংক ঋণের জন্য আবেদন করেছেন। ঋণ প্রাপ্তি এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি দেশে এসে পৌঁছাতে সময় লাগে। এসব কারণে কেউ প্লট ফেলে রাখলে সেদিকটি বিবেচনা করা হতে পারে। তবে অবশ্যই তা ঢালাওভাবে নয়।”
রাজধানী ঢাকাসহ অন্যান্য শহরের গাড়িতে তরল জ্বালানির ব্যবহার কমিয়ে সিএনজি ব্যবহার জনপ্রিয় করার জন্য সরকার সিএনজি ফিলিং স্টেশন এবং রূপান্তর কারখানা স্থাপনে জমি বরাদ্দ দেয়। কিন্তু নীতিমালা অনুযায়ী সরকারি জমি বরাদ্দের জন্য গণবিজ্ঞপ্তি দিয়ে আবেদন আহবান করা হয়নি। ফলে অন্যরা এ বিষয়টি জানার আগেই সরকারের ঘনিষ্ঠ জনেরা জমি বরাদ্দ নেওয়া শুরু করে।
যোগাযোগ মন্ত্রণালয় ২০০৩ সাল থেকে পর্যায়ক্রমে বাংলাদেশ রেলওয়ে এবং সড়ক ও জনপথ অধিদপ্তরকে (সওজ) ১৭০টি প্লট বরাদ্দ দেয়। এর মধ্যে সড়ক ও জনপথ অধিদপ্তরের ১৪১টি প্লট এবং বাংলাদেশ রেলওয়ের ২৯টি প্লট। এর মধ্যে সওজ এর জমিতে মাত্র ১৭টি এবং রেলওয়ের জমিতে সাতটি ফিলিং স্টেশন স্থাপন করা হয়েছে।
নানা ধরনের ক্রটি-বিচ্যুতির কারণে সওজ ছয়টি প্লটের বরাদ্দ বাতিল করে। কিন্তু প্রায় একই ধরনের ত্রুটি থাকার পরও রেলওয়ে এখন পর্যন্ত কোন বরাদ্দ বাতিল করতে পারেনি। অথচ নীতিমালায় স্পষ্ট উল্লেখ রয়েছে যে, বরাদ্দ পাওয়ার ছয় মাসের মধ্যে কেউ ফিলিং স্টেশন স্থাপন না করলে তার বরাদ্দ বাতিল করা হবে।
সূত্র জানায়, সিএনজি স্টেশন করা হয়নি এমন ১৩৭টি প্লটে জমির পরিমাণ হচ্ছে কমপক্ষে ২ হাজার ৭৪০ কাঠা (এক বিঘা সমান ২০ কাঠা)। প্রতি কাঠা জমির মূল্য গড়ে ২০ লাখ টাকা হিসেবে দখল করে রাখা জমির মূল্য ৫৪৮ কোটি টাকা বলে সওজ এবং রেলওয়ের আলাদা দুটি সূত্র নিশ্চিত করেছে। এসব প্লটে নতুন কোন স্টেশন হওয়ার খবর দিতে পারেননি রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) কর্মকর্তারা।
সওজ এবং রেলওয়ের সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে যে, অধিকাংশ প্লট বরাদ্দ পেয়েছেন গত সরকারের আমলের একাধিক সরকার দলীয় নেতা-কর্মী এবং তাদের আত্মীয়-স্বজন। ফলে নীতিমালা ভেঙে ছয় মাসের মধ্যে স্টেশন স্থাপন না করলেও গত সরকার তাদের বরাদ্দ বাতিল করেনি।
সিএনজি স্টেশনের জন্য সরকারি জমি বরাদ্দ পেয়েছেন বরকত উল্লাহ বুলু, সাংসদ জিএম সিরাজ, সালাউদ্দিন আহমেদ, নাসির উদ্দিন আহমেদ পিন্টু, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, মফিকুল হাসান তৃপ্তি, হেলেন জেরিন খান, মনিরুল হক চৌধুরী, মনোয়ার হোসেন ডিপজল, সাবেক ছাত্রদল নেতা সাহাবুদ্দিন লাল্টু, জাসাস নেতা রেজাবুদ্দৌলা চৌধুরীসহ অনেক পরিচিত নেতা-কর্মী। এর মধ্যে সালাউদ্দিন আহমেদ ও নাসির উদ্দিন আহমেদ পিন্টু দুটি করে প্লট বরাদ্দ পেয়েছেন।
সরকারি জমিতে সিএনজি ফিলিং স্টেশন স্থাপনের লক্ষ্যে সহজ শর্তে জমি বরাদ্দের জন্য যোগাযোগ মন্ত্রণালয় ২০০৩ সালের ৭ জুলাই একটি নীতিমালা চূড়ান্ত করে। এই নীতিমালায় একটি সিএনজি রিফুয়েলিং স্টেশনের জন্য কমপক্ষে এক বিঘা জমি বরাদ্দের সুযোগ রাখা হয়। এতে পাঁচ বছর পর পর নবায়ন সাপেক্ষে ১৫ বছরের জন্য জমির বরাদ্দ দেওয়ার ব্যবস্থা রাখা হয়। বিঘা প্রতি মাসিক ইজারা মূল্য ঢাকা মহানগরীতে ১৫ হাজার টাকা এবং ঢাকার বাইরে ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়। চুক্তি সম্পাদনের পরবর্তী ছয় মাসের মধ্যে সিএনজি স্টেশন চালু না হলে বরাদ্দ বাতিল করা হবে। নীতিমালা অনুযায়ী প্রতি গ্রাহক ১০ লাখ টাকা জামানত দেবেন এবং স্টেশন স্থাপনের পর তা ফেরত পাবেন। কেউ ব্যক্তি নামে ইজারা নিয়ে পরবর্তীতে কোম্পানির নামে স্টেশন স্থাপন করতে পারেন। ইজারাদার ফিলিং স্টেশনের জমিতে সর্বোচ্চ দোতলা ভবন পর্যন্ত তৈরি করতে পারবেন। এভাবে মোট ১৭০ টি স্টেশন ও কনভারশন সেন্টারে জন্য কমবেশি ১৭০ বিঘা জমি বরাদ্দ দেওয়া হয়।
