২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে উভয় দেশ একমত

বিগত কয়েক বছরে বিঘিœত বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে একমত হয়েছেন প্রতিবেশী দুটি দেশের সরকার প্রধান। দুদেশই মনে করছে, এই সম্পর্ক সঠিক ধারায় ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সুমন চক্রবর্তী, ভারত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2007, 01:41 AM

Updated : 26 Apr 2022, 02:11 PM

সোমবার সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লীতে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমদ এবং ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের উপায় নিয়ে কথা বলেছেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন।

ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনে সৌজন্য সাক্ষাত করতে গিয়ে ফখরুদ্দীন আহমদ সেখানে মনমোহন সিংয়ের সঙ্গে প্রায় ৪০ ধরে খোলামেলা আলাপ করেন।

বৈঠকের পর ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, “দ্বিপক্ষীয় সম্পর্কের নানা উপায় দীর্ঘদিন অব্যবহৃত ছিল। আমাদের প্রয়োজন সেগুলোকে দ্রুত কার্যকর করা। বৈঠকে এবিষয়ের ওপরেই সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।”

তিনি জানান, দুনেতাই একমত হয়েছেন যে, আর্ন্তজাতিক সীমান্ত এবং অনুপ্রবেশের মত বিষয়গুলোর দ্রুত সুরাহা দরকার। এব্যাপারে দু'দেশের মধ্যে সমন্বিত বৈঠকের ব্যাপারেও তাদের মত অভিন্ন।

তবে সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা হয়েছে কি না তা নিশ্চিত করেননি পররাষ্ট্র সচিব।

প্রধান উপদেষ্টর তথ্য সচিব সৈয়দ ফাহিম মুনয়েম জানান, বৈঠকে দু’দেশই একমত হয়েছে যে ঢাকা-কলকাতা সরাসরি ট্রেন যোগাযোগ অবকাঠামো এখনো পুরোপুরি তৈরি হয়নি। এজন্য আরও ৩ মাস সময় প্রয়োজন। এ বিষয়ে সর্ব প্রথম ২০০১ সালের ১২ জুলাই তিন বছর মেয়াদী একটি চুক্তি স্বাক্ষরিত হয়। পরে তা ২০০৪ সাল পর্যন্ত বাড়ানো হয়।

তিনি আরও জানান, ভারত ওই চুক্তি ২০১০ সাল পর্যন্ত বাড়াতে আগ্রহী এবং নিয়মিত এই ট্রেন যোগাযোগ চালু রাখতে চায়।

পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন জানান, মনমোহন সিং প্রধান উপদেষ্টাকে বলেছেন, একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশের সঙ্গে ভারতের বৃহত্তর স্বার্থ জড়িত।

এর জবাবে ফখরুদ্দীন আহমদ বলেন,“বাংলাদেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্টানের জন্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।”

পররাষ্ট্র সচিব আরও জানান, প্রধান উপদেষ্টা বাংলাদেশে চলমান সংস্কার কর্মসূচি সম্পর্কে ভারতীয় প্রধানমন্ত্রীকে অবহিত করেন।