র্যাঙ্কসটেলের প্রধান কার্যালয় থেকে ভিওআইপি কলের কাগজপত্র জব্দ
র্যাবের গোয়েন্দা শাখার সদস্যরা সোমবার রাতে বেসরকারী ফিক্সড টেলিফোন কোম্পানি (পিএসটিএন) র্যাঙ্কসটেল কার্যালয়ে অভিযান চালিয়ে ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) কল করার প্রমাণ সম্বলিত অসংখ্য কাগজপত্র উদ্ধার করেছে।
অবৈধ ভিওআইপি ব্যবসা প্রতিরোধে গঠিত সরকারের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) ছয় সদস্যের কমিটির উপস্থিতিতে রাত সাড়ে নয়টা থেকে ১১ টা পর্যন্ত তেজগাঁও শিল্পাঞ্চলে র্যাঙ্কস ভবনে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এ অভিযান চালানো হয়।
অভিযানে অংশ নেওয়া র্যাব গোয়েন্দা শাখার উপ-পরিচালক মেজর শামসুজ্জোহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতিষ্ঠানটির গত সেপ্টেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত ভিওআইপি কল বিলের কাগজপত্র জব্দ করা হয়েছে। জব্দকৃত কাগজপত্র অনুযায়ী র্যাঙ্কসটেল গত পাঁচ মাসে কমপক্ষে ২০ লাখ ২৩ মিনিট অবৈধ ভিওআইপি কল করেছে।
র্যাব কর্মকর্তা আরো জানান, প্রতিষ্ঠানটি বিদেশী বেশ কয়েকটি কোম্পানির সঙ্গে ভিওআইপি কল সংযোগ চুক্তির প্রস্তুতি নিচ্ছিল বলে প্রমাণ পাওয়া গেছে। তাদের সংযোগ ব্যবহার করে মুন্সিগঞ্জ ও কাঁচপুরসহ এখনো মাঠপর্যায়ের ক্ষুদ্র ব্যবসায়ীরা অবৈধ ভিওআইপি ব্যবসা চালিয়ে যাচ্ছে।
বিটিআরসি সহকারি পরিচালক প্রকৌশলী অনামিকা ভক্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ব্যাপারে বিটিআরসি বাদি হয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা দায়ের করবে।
