জঙ্গি মদদদানের অভিযোগে দুলু, নাদিম মোস্তফার বিরুদ্ধে মামলা
জঙ্গি তৎপরতায় মদদদানের অভিযোগে রোববার নাটোরের নলডাঙ্গা থানায় সাবেক জোট সরকারের ভূমি উপ-মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও বিএনপি দলীয় সাংসদ নাদিম মোস্তফার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
একই মামলায় জঙ্গি কর্মকাণ্ডের অভিযোগে জেএমবির সেকেন্ড ইন কমান্ড, সদ্য ফাঁসি হওয়া বাংলাভাই ও তার ১৮ সহযোগীকেও আসামি করা হয়েছে ।
রোববার সন্ধ্যায় মামলাটি দায়ের করেন রাজশাহীর পুঠিয়া থানার নান্দিপাড়া দরবেশপুর গ্রামের মহিদুল ইসলাম ।
অভিযোগপত্রে তিনি বলেন, ২০০৪ সালের ১৩ জুন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও নাদিম মোস্তফার নির্দেশে জেএমবি সন্ত্রাসীরা তাকে নাটোরে দুলুর বাড়ির পাশে আক্কেলপুর মোড়ে ধরে নিয়ে যায়। এরপর দুলুর ভাতিজা গামা হত্যার আসামীদের খুঁজে বের করে দেওয়ার জন্য তাকে চাপ দেওয়া হয়।
আসামীদের নাম বলতে না পারায় বাংলাভাইয়ের নেতৃত্বে সন্ত্রাসীরা মহিদুলকে গাছের ডালে ঝুলিয়ে গরম পানি ঢেলে নির্যাতন করে। পরিবারের লোকজন তাকে ছাড়িয়ে নিতে চাইলে দুই লাখ টাকা চাঁদা দাবি করে দুলুর লোকজন। প্রচণ্ড নির্যাতনে আহত মহিদুলকে ওই সময় দীর্ঘদিন হাসপাতালে থাকতে হয়েছিল।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলার অভিযোগপত্রে রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও নাদিম মোস্তফাকে জঙ্গিদের মদদদাতার পাশাপাশি সন্ত্রাসী হিসাবেও উল্লেখ করা হয়েছে।
মামলা দায়েরের পরই রোববার স›ধ্যায় এজাহারভুক্ত দুই আসামি আব্দুল কুদ্দুস এবং হাফিজুলকে গ্রেপ্তার করেছে নলডাঙ্গা থানা পুলিশ।
রাজশাহীর উপ মহা পুলিশ পরিদর্শক এ কে এম শহীদুল হক দুলু ও নাদিম মোস্তফার বিরুদ্ধে মাশলা হওয়ার কথা স্বীকার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ওই অঞ্চলে নির্যাতিতদের অনেকেই এতদিন ভয়ে মুখ খোলেনি। এসব লোকজন মামলা করতে চাইলে তাদের সহায়তা করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
