২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী

প্রিয় নবী হযরত মুহাম্মদ (স.) এর জন্ম ও মৃত্যুদিন স্মরণে যথাযোগ্য মর্যাদায় এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2007, 03:24 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

৫৭০ খ্রিস্টাব্দে ১২ রবিউল আউয়াল মাসের এইদিনে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন নবী হযরত মুহাম্মদ (সা.)। একই দিনে তিনি এই পৃথিবী থেকে বিদায়ও নেন। অন্যান্য মুসলিম দেশের মতো বাংলাদেশেও আজ ধর্মপ্রাণ মুসলমানরা মিলাদ মাহফিল, কোরআনখানি এবং মহানবীর (সা.) জীবনাদর্শ সম্পর্কে আলোচনার কর্মসূচি পালন করছন।

দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ, প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন।

ইসলামিক ফাউন্ডেশন এ উপলক্ষে পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এর মধ্যে রয়েছে ওয়াজ মাহফিল, সেমিনার, আলোচনা সভা, মহিলাদের জন্য সেমিনার, ইসলামী পুস্তক প্রদর্শনী, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও হামদ-নাত মাহফিল।

রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ শনিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পক্ষকালব্যাপী এই অনুষ্ঠানমালার উদ্বোধন করেন। অনুষ্ঠানে দেশ ও জাতীর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আশেকানে মাইজভাণ্ডারী অ্যাসোসিয়েশন আয়োজন করেছে মহাসম্মেলন ও জশনে জুলুশের। আন্জুমান রহমানিয়া মইনিয়া মাইজভাণ্ডারিয়া মিরপুর-১ নম্বর শাহ আলী বাগ খানকায় মিলাদ মাহফিল ও জশনে জুলুশের আয়োজন করেছে।

এ ছাড়া নন্দলাল দত্ত লেনের নুরানী জামে মসজিদ, আন্তর্জাতিক হুব্বুর রাসুল (দ.) ঐক্য পরিষদ, দাওয়াতুল ইসলাম বদরপুর দরবার শরিফ, দেওয়ানবাগ দরবার শরিফ, রেজভীয়া দরবার শরিফ, আনজুমানে রহমানিয়া মইনিয়া মাইজভাণ্ডারিয়া, বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্র, বাংলাদেশ তরিকত ফেডারেশন, তরিকতে মাওলা গ্রুপ বাংলাদেশ, জাতীয় প্রেসক্লাব, মিরপুর ফকিরবাড়ী দরবার শরিফ, দাওয়াতুল ইসলাম বদরপুর পাক দরবার শরিফ, বাংলাদেশ হিজবুর রাসূল (দ.) পরিষদ, ও বাংলা একাডেমী আলাদা কর্মসূচি নিয়েছে।