উত্তরা ষড়যন্ত্রে’ জড়িত ১৩ কর্মকর্তা ওএসডি
জোট সরকারের জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের উত্তরার ব্যবসায়িক কার্যালয়ে গোপন বৈঠকে যোগ দেওয়ার কারণে অভিযুক্ত ১৩ কর্মকর্তাকে শনিবার রাতে সংস্থাপন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
এদের মধ্যে তিনজন যুগ্মসচিব, চারজন উপসচিব ও ছয় জন সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।
সংস্থাপন সচিব ড. আব্দুস সালাম খান শনিবার রাতে নফহবংি২৪.পড়স কে বলেছেন, “ওই ঘটনায় জড়িত থাকায় ব্যাপারে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের ওএসডি করা হয়েছে।”
ওএসডি হওয়া তিন যুগ্ম-সচিব হলেন, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক একেএম জাহাঙ্গীর, জাতীয় পুষ্টি কার্যক্রমের নির্বাহী পরিচালক (ঢাকার সাবেক জেলা প্রশাসক) যুগ্ম-সচিব এম আব্দুল বারী এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (মন্ত্রিপরিষদ বিভাগের তৎকালীন যুগ্ম-সচিব) ড. আব্দুস সবুর।
ওএসডি চার উপ-সচিব হলেন- ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) সচিব মজিবর রহমান, ডিসিসির মহাব্যবস্থাপক জাকির হোসেন কামাল, স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব ড. জাকিরুল ইসলাম, ঝালকাঠি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন।
সিনিয়র সহকারী সচিব পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- কারখানা ও ভবন পরিদর্শন পরিদপ্তরের পরিদর্শক প্রকৌশলী সোহেল মাহমুদ ইকবাল, ঢাকা কর ভবনের অতিরিক্ত কর কমিশনার সাজ্জাদ হোসেন ভূঁইয়া ও কাজী ইমদাদুল হক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সরফ উদ্দিন আহমেদ চৌধুরী, সাভারের ইউএনও আব্দুর রহমান তরফদার এবং সাভাবের তৎকালীন ইউএনও (বর্তমানে বিদ্যুত বিভাগের ম্যাজিস্ট্রেট হিসেবে সংযুক্ত) এজেএম সালাউদ্দিন নাগরী।
গত বছরের ২৪ নভেম্বর রাতে উত্তরায় জোট সরকারের জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠান ‘আর্টিসান সিরামিক অফিসে’ সাবেক ও বর্তমান সরকারী কর্মকর্তাসহ প্রায় ৫০ ব্যক্তি এক গোপন বৈঠকে অংশ নেন।
ওই ঘটনার খবর সংবাদ মাধ্যমে প্রকাশ ও প্রচার হওয়ার পর ২৭ নভেম্বর রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের কৃষি সচিব আব্দুল আজিজকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য দুই সদস্য ছিলেন তৎকালীন যুব ও ক্রীড়া সচিব আমিনুল ইসলাম ভুঁইয়া এবং আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুল আউয়াল। কমিটি দুই দফায় প্রায় তিন সপ্তাহ সময় নিয়ে ডিসেম্বর মাসের শেষ দিনে তদন্ত প্রতিবেদন দাখিল করে।
তদন্ত প্রতিবেদনটি তৎকালীন সংস্থাপন সচিবের অনুপস্থিতিতে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুস সবুর গ্রহণ করেন। প্রতিবেদনটি হাতে পাওয়ার পরই তিনি তা তৎকালীন প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিন আহম্মেদের কার্যালয়ে পৌঁছে দেন। কিন্তু ওই সরকার অভিযুক্তদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি।
ফখরুদ্দীন আহমদের সরকার শনিবার ১৩ কর্মকর্তাকে ওএসডি করল। অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে আর কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে তা জানা যায়নি।
