২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার ঝুঁকিপূর্ণ ভবন খুঁজে দেখছে সিটি করপোরেশন

রাজধানীতে ঝুঁকিপূর্ণ ভবন খুঁজে বের করতে জরিপ চালাচ্ছে সিটি করপোরেশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2007, 10:14 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

শুক্রবার বিকালে  এক সেমিনারে এতথ্য জানিয়ে ঢাকা সিটি করপোরেশনের প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম বলেন, “ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করার কাজ চলছে। ৬৬৭ টি ভবনের জরিপ করা হয়েছে। ওয়ার্ডে ওয়ার্ডে ৩০ জন করে স্বেচ্ছাসেবক দল তৈরি করা হচ্ছে। দুর্যোগ মোকাবেলায় সিটি করপোরেশনের পক্ষ থেকে সচেতনতা কর্মসূচি পালন করা হচ্ছে।”

সেন্টার ফর ডেভলপমেন্ট রিসার্চ বাংলাদেশ এবং বাংলাদেশ রিয়েল এস্টেট ডিরেক্টরি আয়োজিত ‘ঢাকায় দুর্যোগ প্রস্তুতি এবং দুর্ঘটনা ব্যবস্থাপনা : বর্তমান অবস্থা এবং ভবিষৎ প্রস্তুতি’ শীর্ষক সেমিনারে নগর পরিকল্পনা বিশেষজ্ঞ অধ্যাপক নজরুল ইসলাম বলেন, “আগামী ২৫ থেকে ৩০ বছরে এ মহানগরীর জনসংখ্যা সাড়ে তিন কোটিতে গিয়ে দাড়াবে। যা অস্ট্রেলিয়া ও কানাডার মোট জনসংখ্যার সমান।”

সাবেক রাষ্ট্রদূত ব্যারিস্টার হারুন অর রশিদ বলেন, “উপকূল এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনায় আমরা দক্ষতার প্রমান রেখেছি। নগরে দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় শুধু ফায়ার ব্রিগেডের ওপর নির্ভরশীল হলে চলবে না। জনসাধারণের মধ্য থেকে স্বেচ্ছাসেবক তৈরি করতে হবে।”

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সেলিম নেওয়াজ ভূইয়া বলেন, “দুর্যোগ পরিস্থিতি মোকবেলা করার জন্য সারা দেশে প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। বর্তমানে ফায়ার সার্ভিসের জনবলকে উন্নত প্রশিক্ষণ দেয়া হচ্ছে। পরবর্তীতে অন্যদেরও প্রশিক্ষণ দেওয়া হবে।”

গোল টেবিল বৈঠকে প্রবন্ধ উপস্থাপন করেন মোহাম্মদ আমিনুর রহমান।

এর আগে শেরাটন হোটেলে উইন্টার গার্ডেনে আবাসন মেলার উদ্বোধন করেন অধ্যাপক নজরুল ইসলাম। মেলায় ৩০টি প্রতিষ্ঠানের ৫০টি স্টল রয়েছে। ১ এপ্রিল পর্যন্ত মেলা চলবে। মেলা প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।