সব হত্যাকাণ্ডের বিচার শেষেই জঙ্গিদের ফাঁসি চেয়েছিলেন নেত্রকোনাবাসী
“এই পাষণ্ডদের ফাঁসি হয়েছে তো বিচারক হত্যা মামলায়। কিন্তু আমাদের সন্তান হত্যার বিচারের আগেই তো এই সন্ত্রাসীদের মৃত্যদণ্ড দেওয়া হলো। আমরাতো বিচার পেলাম না।”
কান্না জড়ানো কণ্ঠে এই কথাগুলো বলেন উদীচী শিল্পী গোষ্ঠীর সাংগঠনিক সম্পাদিকা সুদীপ্তা পাল শেলীর মা অরুনা পাল। জেএমবির ছয় শীর্ষ জঙ্গির ফাঁসি কার্যকর হওয়ার পর শুক্রবার দুপুরে তার সঙ্গে কথা হয় নফহবংি২৪.পড়স প্রতিবেদকের।
তিনি আরও বলেন, “সব হত্যাকাণ্ডের বিচার করেই তাদের ফাঁসি দেওয়া উচিত ছিল।”
নেত্রকোনায়া ২০০৫ এর ৮ ডিসেম্বর জেএমবির আত্মঘাতী বোমা হামলায় উদীচী শিল্পী গোষ্ঠীর দুই শীর্ষ কর্মকর্তাসহ নিহত হন মোট সাতজন। জঙ্গিদের ফাঁসি কার্যকর হওয়ার খবর শুনে নিহতদের পরিবারের সদস্যরা খুশি হলেও বোমা হামলায় নিজেদের স্বজন হারানোর কথা মনে হতেই তাদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন।
বোমা হামলায় নিহত উদীচীর কর্মকর্তা খাজা হায়দারের বৃদ্ধ মা রাহিলা বেগম বলেন, “জঙ্গিরার ফাঁসি হইছেতো ভালাই হইছে, কিন্তু আমার হায়দারতো ফিরা আইতো না।”
মোটর মেকানিক যাদব দাসের বাবা সত্যেন দাস আর মা আরতি দাস এখন বয়সের ভারে ন্যুব্জ।
যাদবের বাবা বলেন, “বোমা হামলায় আমাদের একমাত্র ছেলে মারা গেছে, এই বোমা হামলার জন্য মন্ত্রী বাবর আমাদের যাদবকে দায়ী করেছিল। সে সময় আমাদের উপর অত্যাচার--নির্যাতন হইছে। এখন জঙ্গিদের ফাঁসি হইছে, হত্যাকারীরার বিচার হইছে।”
কাঁপা কাঁপা কণ্ঠে যাদবের মা বলেন, “আমরার যাদবরে তো আর ফিরা পাইতাম না।”
উদীচী কার্যালয়ের সামনে আত্মঘাতী বোমা হামলায় সেদিন নিহত হন, উদীচীর যুগ্ম সম্পাদক খাজা হায়দার হোসেন, সাংগঠনিক সম্পাদক সুদীপ্তা পাল শেলী, মোটর মেকানিক যাদব দাস, গৃহবধূ রাণী আক্তার, আফতাব, রইছ উদ্দিন, ভিক্ষুক জয়নাল ও হামলাকারী নিজে।
এ ঘটনায় নেত্রকোনা থানায় দায়ের করা মামলাটি ঢাকায় স্থানান্তরিত করা হলেও বিচার কার্যক্রম এখনো শুরু হয়নি।
