২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় জঙ্গি ফাঁসি: পঞ্চগড়ে নিরাপত্তা জোরদার

শীর্ষ জঙ্গিদের ফাঁসি কার্যকর হওয়ার পর সম্ভাব্য নাশকতা মোকাবিলায় পঞ্চগড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2007, 07:50 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

শুক্রবার জুম্মার নামাজের সময় বিভিন্ন মসজিদে মুসল্লিদের দেহ তল্লাশি করে আইন--শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নামাজ শেষ হওয়া পর্যন্ত মসজিদগুলোতে ছিল সাদা পোশাকে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যদের সতর্ক নজরদারি।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, রাতে জঙ্গিদের ফাঁসি কার্যকরের আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জেলায় রেড এ্যালার্ট জারি করে নিরাপত্তা জোরদার করতে প্রশাসনের কাছে ফ্যাক্স বার্তা আসে। এরপর থেকেই পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা বিভাগ গোটা জেলায় নজরদারি বাড়িয়ে দেয়। জেলা প্রশাসকের কার্যালয়, আদালত ভবন, জেলা কারাগার, সড়কগুলোর বিভিন্ন পয়েন্টেসহ বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।

শুক্রবার বিকেলেও শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ ও গোয়েন্দাদের সতর্ক নজরদারি লক্ষ্য করা গেছে।

পঞ্চগড় পুলিশ সুপার হারুন অর রশীদ বলেন, “জঙ্গিদের ফাঁসি হবে এ কারণে আগে থেকেই আমরা সতর্ক ছিলাম। ফাঁসি কার্যকরের পর আরো বেশি সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।”