নাসিম, মোশাররফ, লবি ও টুকুর আটকাদেশ অবৈধ
আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, বিএনপি নেতা আলী আসগর লবি ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান টুকুর আটকাদেশ অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। সেইসঙ্গে অন্য কোনো মামলা না থাকলে তাদের অবিলম্বে মুক্তি দিতে নির্দেশ দিয়েছে আদালত।
বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা ও বিচারপতি মো. এমদাদুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এই চার নেতার পরিবারের সদস্যদের দায়ের করা আলাদা চারটি আবেদনের ওপর পূর্ণাঙ্গ শুনানি গ্রহণ করে এই রায় দেয়।
আবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগ ও বিএনপির এই চার নেতাকে গত মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে গ্রেফতারের পর বিশেষ ক্ষমতা আইনে এক মাসের আটকাদেশ দেওয়া হয়। পরে তাদের আটকাদেশের মেয়াদ বাড়ানো হয়।
তাদের পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট আনিসুল হক, ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান ও তৌফিকা করিম।
এদিকে আটকাদেশপ্রাপ্ত বগুড়ার বিএনপির সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, ছাত্রলীগ নেতা মাহফুজুর হায়দার রোটনসহ ৩৭ জনকে বিচারপতি মো. আবদুল মতিনের নেতৃত্বে তিন সদস্যের উপদেষ্টা বোর্ডে বৃহস্পতিবার হাজির করা হয়েছে।
